আমেরিকার ম্যাসাচুসেটসে অবস্থিত ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউট ১৯৯৯ সালে গণিতের সাতটি সমস্যা প্রকাশ করে। প্রতি সমাধানে পুরস্কার ১০ লাখ মার্কিন ডলার। প্রকাশের দুই বছর পর জানা গেল, রাশিয়ান এক গণিতবিদ ‘পয়েনকেয়ার অনুমান’ সমস্যার সমাধান করে বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করেছেন। ইনস্টিটিউটের গণিতবিদেরা সংগ্রহ করেন সমাধান প্রকাশের সাময়িকীর কপি এবং লেগে পড়েন ভুল প্রমাণের জন্য। মাস দুয়েক পরে ইনস্টিটিউট ঘোষণা করল, মিলেনিয়াম প্রাইজের প্রথম বিজয়ী গ্রেগরি পেরেলম্যান। কিন্তু সবাই বিস্মিত হলো, যখন সমাধানকারী ঘোষণা দিলেন পুরস্কার গ্রহণ না করার। তিনি সমস্যা সমাধানে মার্কিন গণিতবিদ রিচার্ড হ্যামিল্টনের সাহায্য নিয়েছিলেন। পেরেলম্যান দাবি করেন, পুরস্কার দিতে হলে দুজনকেই দিতে হবে। কিন্তু কর্তৃপক্ষ হ্যামিল্টনকে বাদ দিয়ে শুধু তাঁকেই পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করে। অন্যের অবদানকে স্বীকৃতি না দেওয়ার অভিমানে ১০ লাখ ডলার গ্রহণে অস্বীকার করেন পেরেলম্যান। এর আগে জুরি বোর্ডের গণিতজ্ঞরা তাঁর কাজের মূল্যায়নের জন্য যোগ্য নন—এই অভিযোগে ১৯৯৬ সালে ইউরোপীয় ম্যাথমেটিক্যাল সোসাইটি প্রবর্তিত পুরস্কারকেও পেরেলম্যান না করে দেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে ১৯৪৫ সালে এই প্রতিভাবান পাগলাটে গণিতবিদ জন্মগ্রহণ করেন। মা লুবভের গণিতের নেশা পেয়ে বসেছিল পেরেলম্যানকে। মায়ের উৎসাহেই ১০ বছর বয়সে স্কুলের গণ্ডির বাইরে গণিতের চর্চা শুরু করেন তিনি। ১৯৮২ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে অলিম্পিয়াড পারফেক্ট স্কোর ৪২ লাভ করেন। লেনিনগ্রাদের স্টেট বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও যন্ত্র প্রকৌশলবিদ্যায় তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। নব্বইয়ের দশকের পুরোটা গণিতের ওপর গভীর গবেষণার জন্য তিনি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ লাভ করেন। তিনি সেন্ট পিটার্সবার্গ ম্যাথমেটিক্যাল সোসাইটি কর্তৃক তরুণ গণিতবিদ সম্মাননা পান। গণিতের বিশেষ দক্ষতার জন্য তাঁকে আমেরিকার বিখ্যাত প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পেরেলম্যান মাতৃভূমি রাশিয়ায় ফিরে এসে গবেষণায় মন দেন। উনিশ শতকের গণিতবিদ বার্নহার্ড রেইমানিয়ানের ‘ডিফারেনশিয়াল জিওমেট্রি’ ও ‘জ্যামিতিক টপোলজি’র গবেষণায় অবদানের জন্য বিখ্যাত তিনি। ২০০২ সালের শুরুতে ‘থার্স্টন জিওমেট্রিজেশন কনজেকচার’ নামে আরেকটি বিখ্যাত তত্ত্বকে প্রমাণ করেন তিনি। বিজ্ঞান সাময়িকী আর্কাইভে ২০০২ ও ২০০৩ সালে তিনি ‘পয়েনকেয়ার অনুমান’ উপপাদ্যের ওপর গবেষণা নিবন্ধ প্রকাশ করেন। পেরেলম্যান বিশ্লেষণধর্মী জ্যামিতির ওপর দক্ষতা এবং রিক্কি ফ্লো জ্যামিতিক আকৃতির ওপর গবেষণার জন্য ২০০৬ সালে গণিতের নোবেল খ্যাত ফিল্ডস পদক লাভ করেন। যথারীতি তিনি এই পদক গ্রহণেও অস্বীকৃতি জানান। তিনি ঘোষণা করেন, ‘এই পুরস্কার গ্রহণ করলে আমি বিখ্যাত ও ধনী হয়ে যাব, যা আমাকে চিড়িয়াখানার প্রাণীর মতো জনপ্রিয় করে তুলবে।’ সব সময়ই লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করেন এই গণিতবিদ। অল্প সময়ের মধ্যে বিখ্যাত সব পদক অর্জনের কারণেই ব্যক্তিগত জীবনে অন্তর্মুখী পেরেলম্যান বেশ হতাশ হয়ে পড়েন। ২০০৬ সালের পরে তিনি গণিতের ওপর গবেষণাও কমিয়ে দিয়েছেন অনেকখানি। অন্তর্মুখী এই গণিতবিদের বর্তমান সময় কাটছে মায়ের সঙ্গে সেন্ট পিটার্সবুর্গে। একবিংশ শতকের এই গণিতবিদের নামে নাসা একটি গ্রহাণুর নামকরণ করেছে। ২০০০ সালে আবিষ্কৃত এই গ্রহাণুর নাম ‘৫০০৩৩ পেরেলম্যান’। জাহিদ হোসাইন