গ্রেটেস্ট মাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

মেয়ের স্কুলে ‘মাদার’স ডে’র স্টল বসেছে এই সপ্তাহে। সবাইকে বলে দেওয়া হয়েছে, এক থেকে ছয় ডলারের মধ্যে মায়ের জন্য উপহার কেনা যাবে। সোনালি পয়সা গুনে গুনে ঠিক ছয় ডলারই দিলাম মেয়ের ছোট্ট কয়েন ব্যাগটায় ভরে। মহা-উৎসাহে আমার আট বছরের মেয়ে আজ মায়ের জন্য শপিং করবে।
সকালে ওকে যখন স্কুলে নিয়ে গেলাম, তখনো ঘণ্টা পড়তে কিছু সময় বাকি। মেয়ে আমার হাত ধরে নিয়ে গেল স্টলের জানালার কাছে। কাচের জানালা দিয়ে দেখা যাচ্ছিল ভেতরটা। রংবেরঙের ছোট-বড় নানা কিছু দিয়ে দোকান সাজানো। আমাকে অবাক করে দিয়ে ও বলে উঠল, ‘মা, কোনটা তোমার বেশি পছন্দ?’ ‘হাউ অ্যাবাউট দিজ পিংক ফটোফ্রেম?’ গোলাপি রঙের চার কোনা ফ্রেমটার ওপরে খোদাই করা ‘মাম, ইউ আর দ্য গ্রেটেস্ট’ চোখ ভিজে উঠছিল আমার। বলে কী মেয়ে! ফটোফ্রেমটার গায়ে দাম লেখা তিন ডলার। তা-ই দেখে মেয়ে আমার আরও কিছু চাই কি না, জানতে চাইল। আমি বললাম, তোর যা ইচ্ছা নিস বাবা।
‘গ্রেটেস্ট মাম’ কথাটা কেমন না! বুকের ভেতর কেমন একটা হিমশীতল স্রোত বয়ে যায়। চোখের পানি আটকে রাখা মুশকিল হয়ে পড়ে।
আরেকটা ছোট্ট ঘটনা, গত বছরের অক্টোবর মাস। প্রকৃতিতে বসন্ত এলেও সকালটা ছিল শীতের মতোই। কুয়াশা আর হিম হিম ঠান্ডা বাতাসের মধ্যে মেয়েকে নিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিলাম। ভারী সোয়েটার আর স্কার্ফ দিয়ে ঢেকেঢুকে দিলেও হাতমোজা নিতে ভুলে গিয়েছিলাম। মেয়ে বলে উঠল, ‘আই অ্যাম ফ্রিজিং মা।’ আমি তখন আমার চাদর দিয়ে ওর হাত দুটোকে আঁকড়ে ধরলাম, আর জড়িয়ে ধরে রেখেই পৌঁছে গেলাম স্কুলে। সেদিন আমার সাত বছরের মেয়ে কৃতজ্ঞ চোখে তাকিয়ে বলে উঠল, ‘মা, ইউ আর দ্য বেস্ট মাম।’ চোখ ভেঙে পানি এসে গিয়েছিল সেদিনও আজকের মতো করে।
এ যুগের ছেলেমেয়েরা কেমন করে এত বড় কথা এত সহজে বলে ফেলতে পারে, ভেবে ভেবে কেবলই অবাক হই। ৩৯-শে পা দিয়েও আম্মাকে কোনো দিন বলতে পারিনি, ‘আম্মা, আপনাকে ভালোবাসি’, কিংবা ‘আপনি শ্রেষ্ঠ মা’। অথচ আট বছরে অসংখ্যবার আমার মেয়ে ‘আমি তোমাকে ভালোবাসি মা’ কথাটা বলে ফেলেছে। আমাদের পাঁচ ভাইবোনের জন্য আম্মা যা কিছু করেছেন, তার তুলনায় আমি তো কিছুই করছি না। একটাই তো মেয়ে, মেয়ে আর মেয়ের বাবাকে নিয়ে বাস করছি পৃথিবীর শ্রেষ্ঠ বাসযোগ্য শহরে, চাইতে না চাইতেই যেন সবকিছু হাতের নাগালে। নেই কোনো সামাজিক দায়-দায়িত্ব, নেই কোনো নাগরিক দুর্ভোগ।
আর আমাদের আম্মা হাজারও দায়িত্ব আর সীমাবদ্ধতার বেড়াজালের মধ্যে জীবন কাটিয়ে পরম মমতায় বড় করেছেন আমাদের পাঁচজনকে। আব্বার সাহচর্যে পেয়েছেন সফলতার সুখ। আম্মাকে দেখিনি কোনো দিন নিজের জন্য কিছু কিনতে—না-শাড়ি, না-গয়না, না-ঘর সাজানোর সামগ্রী। এই সাদামাটা জীবনযাপন নিয়েই তাঁর তৃপ্তি সীমাহীন। নেই কোনো অভিযোগ, নেই কোনো আক্ষেপ।
কিন্তু কোনো দিন তো তাঁকে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতিই দিতে পারিনি। অনেক ভেবে দেখেছি, কেন পারিনি? আমাদের ছেলেবেলায় তো এত দিবসের হুজুগ ছিল না, ছিল না উপহারের ছড়াছড়ি। মাকে কিংবা বাবাকে ভালোবাসার কথা তাই আনুষ্ঠানিকভাবে জানানোর কোনো কথাও ওঠেনি কোনো দিন। নিত্যদিনের হাসি-কান্না আর দায়িত্ববোধের সঙ্গে ভালোবাসা মিলেমিশে ছিল একাকার হয়ে। সেই ভালোবাসা চোখে দেখা যেত না। যেত কি?
এখন দেখা যায়। দেখতে পাই আমি নিজেও। কারণ, আমি যে এখন মায়ের কাছ থেকে যোজন যোজন মাইল দূরে। দেখা হয় না তিন বছরেরও বেশি। স্কাইপিতে বাক্সবন্দী মাকে তো আর ছোঁয়া যায় না, জড়িয়ে ধরা যায় না, মায়ের গা ঘেঁষে বসা যায় না, মায়ের হাতের রান্না খাওয়া যায় না। বুকের ভেতর সব যেন ওলটপালট হয়ে যায়। তবু কি পেরেছি ‘ভালোবাসি’ বলতে? জানি, পারব না কোনো দিন। যাঁর জানার, তিনি তো ঠিকই জানেন। না-ই বা হলো এ যুগের ছেলেমেয়েদের মতো ঘটা করে ‘ভালোবাসি’ বলা।
সালমা বিনতে শফিক, অস্ট্রেলিয়া থেকে