প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণিত-ভুবনের অনন্ত বা অসীম ধারার অঙ্কের সঙ্গে যারা পরিচিত, তাদের কাছে ১ - ১ + ১ - ১ + ... ... ... ধারাটি অনেক চেনা। গণিতের এই মজার ধারাটি বিচ্যুত প্রকৃতির। এই অসীম ধরনের ধারাটির উত্তর নিয়ে গণিতবিদদের মধ্যে মাঝেমধ্যেই বিতর্ক হয়। একপক্ষ মনে করে, এর মান হবে শূন্য (০)। তাদের যুক্তিতে, ১ - ১ + ১ - ১ + ... ... = (১ - ১) + (১ - ১) + (১ - ১) + ... ... ... = ০ + ০ + ০ + ... ... = ০। আবার আরেক পক্ষ দাবি করে, এই ধারার যোগফল এক (১)। তারা মনে করে, ১ + (- ১ + ১) + (- ১ + ১) + (- ১ + ১) + ... ... ... = ১ + ০ + ০ + ০ + ... ... = ১। মজার এই ধারাকে বলা হয় গ্র্যান্দের ধারা। ইতালির গণিতবিদ ও দার্শনিক যাজক লুইগি গ্র্যান্দের নামে এই অসীম ধারার নামকরণ করা হয়েছে। ১৭০৩ সালে সর্বপ্রথম তিনি এই অনন্ত ধারার সম্ভাব্য প্রকৃতি ও ফলাফল নিয়ে বিশদ তথ্য প্রকাশ করেন।