সিরাজগঞ্জ এবারই প্রথম গণিত উৎসবের ভেন্যু। সিরাজগঞ্জের খুদে গণিতবিদদের মধ্যে উত্তেজনা কতটা বেশি ছিল, তা আমরা টের পেয়েছি স্কুলের মাঠে ঢোকার পর। সাধারণত সকাল থেকে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলাপ-পরিচয় করে, এদিক-ওদিক ঘুরে বেড়ায় আর যখন সময় হয় উদ্বোধনের, তখন জমায়েত হয় জাতীয় ও গণিত পতাকার সামনে। প্রথমবার বলে হয়তো আমরা গিয়ে দেখি, সব শিক্ষার্থী এই শীতের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছে। আমরা সচরাচর সবচেয়ে দূরের অংশগ্রহণকারীর জন্য অপেক্ষা করি। এখানেও তাই উদ্বোধনী পর্ব শুরু হতে হতে শিক্ষার্থীদের অপেক্ষার পালা বেশি হয়েছে। কিন্তু আমি যখন সমবেত শিক্ষার্থীদের কাছে জানতে চাইলাম, তখন তারা সানন্দে জানাল—এতে তাদের কোনো অসুবিধা হয়নি!উত্তরবঙ্গে তীব্র শীত, ঘন কুয়াশা। দিনাজপুরের উৎসবে অংশ নেওয়ার জন্য পঞ্চগড়ের শিক্ষার্থীরা সূর্য ওঠার আগেই বিছানা ত্যাগ করেছে। খুব ভোরে ঘন কুয়াশার মধ্যে তাদের বাস ছুটে চলেছে দিনাজপুরের দিকে। শীত কাটানোর জন্য শিক্ষার্থীরা হাততালির সঙ্গে সঙ্গে জোরে চিৎকার করেছে। চার ভেন্যুর শিক্ষার্থীদের চিৎকারের সঙ্গে সঙ্গে মাদক, মুখস্থ আর মিথ্যাকে ‘না’ বলা পৌঁছে গেছে উত্তরবঙ্গের ১৬ জেলার আনাচ-কানাচে। শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় বোঝা গেল, একটি অংশের গাণিতিক উৎকর্ষ বেড়েছে অনেকখানি। জুনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরাও বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্য নিয়ে ভাবে, সংখ্যার নানা বৈশিষ্ট্য কীভাবে প্রকাশিত হয় তার চ্যালেঞ্জ গ্রহণে পিছপা হয় না। গণিত অলিম্পিয়াডের পরীক্ষায় প্রশ্নের মান ক্রমাগত উন্নত করা হচ্ছে। ২০০৪ সালের প্রশ্নের সঙ্গে ২০১২ সালের প্রশ্নের তুলনা করলে এটি সহজেই বোঝা যায়। কিন্তু যখন ১০-এ ৮, ৯ বা ১০ পাওয়া শিক্ষার্থীদের দেখা মেলে, তখনই বোঝা যায় কেবল একটু পরিচর্যা করতে পারলে আমাদের শিক্ষার্থীরা কোথায় যেতে পারে!গণিত উৎসবের প্রাণ গণিত, তবে সেটিই সব নয়। দেশ, মুক্তিযুদ্ধ—সবই আমাদের নতুন প্রজন্মের অন্তরে। তার প্রমাণ মিলল চার ভেন্যুর সাংস্কৃতিক পর্বে। সেখানে গণিত নিয়ে যেমন নাটিকা ছিল, তেমনি ছিল দেশের কবিতা, গান ও নাচ। সবটা জুড়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। গণিত উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্বের নাম প্রশ্নোত্তর পর্ব। গণিত উৎসবই প্রথম এই দেশের শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন করার দর্শনটি বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবারের উৎসবগুলোও তার ব্যতিক্রম নয়। শিক্ষার্থীরা তাদের প্রশ্ন নিয়ে অপেক্ষা করে সারা বছর। কখন উৎসব হবে, কখন তারা প্রশ্ন করবে। সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না, সময়ের অভাবে। আমাদের শিক্ষার্থীদের চিন্তার জগৎ কতটা প্রসারিত হচ্ছে তার প্রমাণ মেলে এ পর্বে। মরার পর মানুষের শক্তি কোথায় যায়? মহাবিশ্ব ‘কোথায়’ প্রসারিত হচ্ছে? এমনতর প্রশ্নের পাশাপাশি গণিতের চিরন্তন প্রশ্নগুলোও তাদের ভাবায়। কোথাও কোথাও শিক্ষার্থীরা ‘পারপেচুয়াল মোশন মেশিনের’ ধারণাও নিয়ে আসে।প্রশ্নের ধরন ও মান দেখে আমার মনে হয়েছে, বিগত বছরগুলোতে আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের গভীরতা বাড়ছে। ‘আপনার প্রিয় রং কী?’ এমন প্রশ্ন তারা এখন করে না। যে প্রশ্ন তাদের ভাবায়, ঘুমাতে দেয় না, সেগুলোই তারা তুলে ধরে আমাদের সামনে! প্রশ্ন করা একটি সমাজকে যুক্তির প্রতি অনুরক্ত করে। যে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের কথা আমরা ভাবছি, তার জন্য প্রশ্ন করাটা বেশি জরুরি।এখনো আমাদের দেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশ্ন করাকে উৎসাহিত করা হয় না। কিন্তু প্রশ্ন না থাকলে সমাজ, সভ্যতা কিছুই এগোয় না। গণিত উৎসব প্রতিবার সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়!প্রশ্ন করাটা আমাদের শিক্ষা-সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠুক, এ কামনা করি।