ঘটনার সঙ্গে শেখা

কোনো কিছু শেখার সঙ্গে যোগাযোগের নিবিড় সম্পর্ক রয়েছে। মানুষ বুদ্ধিমত্তাসম্পন্ন প্রাণী, একই সঙ্গে আবেগপ্রবণও। শিশুদের শেখার ধরন নিয়ে নতুন এক গবেষণার ভিত্তিতে আবেগ এবং মানুষে মানুষে যোগাযোগের ওপর গুরুত্ব দিয়েছেন ইতালির একদল বিজ্ঞানী। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, শিশুদের শেখার ব্যাপারটা বারবার দেখা এবং কাজ করার পুনরাবৃত্তির মধ্য দিয়ে সম্পন্ন হয়। ঘটনা এবং বস্তুর সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে তারা দ্রুত শিখতে পারে। যদি একটি ঘটনার পর পরই আরেকটি ঘটে, তার প্রথমটির সঙ্গে দ্বিতীয়টির যোগাযোগ বা সম্পর্ক বুঝতে পারে। দৈনন্দিন জীবনে এ ধরনের ঘটনা পরম্পরা তাদের শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশ্য, শিক্ষার এটাই একমাত্র উপায় নয়। জীবনের অন্যান্য পর্যায়েও এ ধরনের যোগাযোগনির্ভর শিক্ষাপ্রক্রিয়া অব্যাহত থাকে। ইউপিআই।