ঘণ্টাব্যাপী কোড শেখা

তথ্যপ্রযুক্তি–বিষয়ক যেকোনো সমস্যার সমাধানেই প্রোগ্রামিংয়ের দক্ষতা প্রয়োজনীয়। আর সামনের দিনগুলোতে বিশ্ব্যব্যাপী প্রযুক্তিনির্ভর পেশা ও কাজের পরিমাণও বেড়ে যাবে অনেক। তাই এখন থেকেই শিক্ষার্থীদের প্রোগ্রামিং চর্চা করা দরকার। শিক্ষার্থীদের প্রোগ্রামিং বিষয়ে আগ্রহী করে তুলতে আন্তর্জাতিক আয়োজন ‘আওয়ার অব কোড’ এর বাংলাদেশ পর্বের সূচনা অনুষ্ঠানে একাধিক বক্তা এ কথা বলেন।
৯ ডিসেম্বর সরকারি বিজ্ঞান কলেজে বাংলাদেশের আয়োজনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবীবুর রহমান। আজ ঢাকা কলেজে অনুষ্ঠিত হয়েছে আওয়ার অব কোড অনুষ্ঠান।
আওয়ার অব কোডের উদ্বোধনীতে শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব মানব হিসাবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান মোহাম্মদ হাবীবুর রহমান। শিক্ষার্থীদের জন্য ‘আওয়ার অব কোড’ পরিচালনা করেন দ্বিমিক কম্পিউটিং স্কুলের প্রধান নির্বাহী তাহমিদ রাফি। তিনি অ্যাংরি বার্ড গেমসের মতো একটি গেমস তৈরির প্রাথমিক প্রোগ্রামিং কৌশল শিক্ষার্থীদের হাতে–কলমে দেখিয়ে দেন।
এ ছাড়া প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেন প্রোগ্রামার মাহমুদ হোসেন সানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক মোহাম্মদ কবীর হোসেন, অনুষ্ঠানের সমন্বয়ক প্রমি নাহিদ এবং কিশোর আলোর সমন্বয়ক মোহম্মদ ওয়াইসি।
‘কম্পিউটার সায়েন্স এডুকেশন উইক’ উপলক্ষে বিশ্বব্যাপী আয়োজিত কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ক আয়োজন আওয়ার অব কোড বাংলাদেশেও পালন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও দ্বিমিক কম্পিউটিং স্কুল। আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও কিশোর আলো। এ ছাড়া সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম ও জিরো টু ইনফিনিটি।