ঘর-গেরস্থালির যত সবাক যন্ত্র!

প্রযুক্তি গবেষকেরা বলছেন, এতদিন যা ছিল কেবল কল্পনা, শিগগিরই তা বাস্তব হতে চলেছে। এ প্রক্রিয়ায় বাড়িতে ঢুকে ডোর বেল বাজাবেন। ডোর বেল আপনাকে স্বাগত জানাবে এবং এরপর ঘরের লাইটটিকে জ্বলে উঠতে বলবে, ঘরের লাইট তখন সচল হতে বলবে ওভেনকে! এভাবেই একটি যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে অপরটির সঙ্গে কথোপকথনের মাধ্যমে যোগাযোগ করবে। পুরো প্রক্রিয়া সম্ভব হবে ইন্টারনেট সুবিধার মাধ্যমে।
সম্প্রতি বিশ্বের কয়েকটি হোম অ্যাপ্লায়েন্স ও প্রযুক্তি-উদ্যোক্তা প্রতিষ্ঠান একজোট হয়ে গেরস্থালি পণ্যে এ ধরনের প্রযুক্তি-সুবিধা বাড়াতে কাজ করতে সম্মত হয়েছে। ফক্স নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
অলাভজনক সংস্থা লিনাক্স ফাউন্ডেশন সম্প্রতি ‘দ্য ইন্টারনেট অব এভরিথিং’ নামের পণ্যের মধ্যে যোগাযোগ-ব্যবস্থা গড়ে তুলতে এমন ধরনের একটি উদ্যোগ নিয়েছে। লিনাক্স ফাউন্ডেশন এ উদ্যোগে কোয়ালকম, এলজি, প্যানাসনিক, সিলিকন ইমেজ, টিপি-লিংকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে একজোট হয়ে ‘অল সিন অ্যালায়েন্স’ গঠন করেছে, যা পণ্যের মধ্যে আন্তসংযোগ প্রটোকল নিয়ে কাজ করবে।
এদিকে, কোয়ালকম জানিয়েছে, তারা গেরস্থালি পণ্যের মধ্যে যোগাযোগের জন্য এমন একটি চিপ তৈরি করবে, যাতে যন্ত্রগুলো ইন্টারনেটের মাধ্যমে পরস্পরকে খুঁজে পেতে পারে। বাড়ির দরজার সামনে একটি বিশেষ কোয়ালকমের চিপনির্ভর বিশেষ স্মার্টলক ইনস্টল করা থাকলে তা বাড়ির অন্যান্য গেরস্থালি পণ্যকে নির্দেশ দিতে সক্ষম হবে। এই জোটের অন্য প্রতিষ্ঠানটি এ রকম কথোপকথনে সক্ষম যন্ত্র তৈরি করবে।