মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের কর্মীরা বাসায় বসে অফিসের কাজ সেরে নেওয়ার যে সুবিধা পেতেন, তা বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার আইবিএম কর্তৃপক্ষ জানিয়েছে, ঘরে বসে কাজ করার সুবিধা বন্ধ করা হচ্ছে। এখন থেকে আইবিএম কর্মীদের অফিস করতে হবে। তবে গুটিকয়েক কর্মীর জন্য আগের সুবিধাটি বহাল থাকবে।
কর্মীদের বড় একটি অংশ বাসায় অফিস করেও প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠানের একটি হিসেবে ঠিকে ছিল আইবিএম। তাদের দাবি ছিল, এতে কর্মীদের সময় বেঁচে যায় এবং উৎপাদন আরও বাড়ে। ২০০৭ সালে আইবিএমের পক্ষ থেকে বলা হয়েছিল, বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির চার লাখ কর্মীর প্রায় ৪০ শতাংশের প্রচলিত অফিস নেই। তবে তারা এখন সে নীতি পরিবর্তন করছে। আইবিএমের কর্মীদের এখন থেকে অফিস জীবনের সঙ্গে অভ্যস্ত হতে হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সফটওয়্যার উন্নয়ন এবং ডিজিটাল বিপণনের মতো বেশ কিছু খাতে কাজের প্রকৃতি পরিবর্তন হচ্ছে, এখন কাজের নতুন ধরন দরকার।’ পরিবর্তিত নীতিমালায় ঠিক কতজন কর্মীকে অফিসে এসে কাজ করতে হবে এবং তাঁদের কোথায় কাজে লাগানো হবে তা জানায়নি আইবিএম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যদি কেউ অফিসে আসতে অসম্মতি জানান, তাঁরা চাকরি হারাতে পারেন। তবে যেসব কর্মীকে অফিস করতে বলা হয়েছে, তাঁদের বেশির ভাগই রাজি হয়েছেন।
আইবিএম একক কোনো প্রতিষ্ঠান নয়, যারা কর্মীদের জন্য এমন সুবিধা বন্ধ করছে। চার বছর আগে ইয়াহুও কর্মীদের ঘরে বসে কাজ করার সুবিধা বন্ধ করে দেয়।
এস এম নজিবুল্লাহ চৌধুরী, সূত্র: সিএনএন