ঘরে বসে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ
ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশন ‘ম্যানেজিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড চিলড্রেন’ ব্যবহার করে সরাসরি থানায় না গিয়েও নারী ও শিশু নির্যাতনের অভিযোগ জানানো যাবে। ঘরে বসে ওয়েবসাইটে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।
গত সপ্তাহেসরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ইনফো সরকার-২ প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে এ ওয়েব অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অ্যাপ্লিকেশনটি ব্যবহারে সহায়তা করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা। আইসিটি বিভাগের কর্মকর্তারা অ্যাপ্লিকেশনের (www.vawcms.gov.bd) একটি সিডিঅধিদপ্তরের কর্মকর্তাদের হাতে হস্তান্তর করেন।
আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে আলোচকেরা জানান, স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে অভিযোগ জানানোর পাশাপাশি ইউনিয়ন তথ্যকেন্দ্র, সিটিজেন কর্নার ও মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে গিয়েও নির্যাতনের শিকার ব্যক্তিরা এটি ব্যবহার করতে পারবেন। ৫ বা ১০ বছর আগের অভিযোগ, অভিযোগ দায়েরের পর কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাও দ্রুত জানা যাবে। অনেকেই নির্যাতনের শিকার হলেও থানায় যেতে চান না নানা ধরনের বিড়ম্বনার কারণে। এখন আর সরাসরি থানায় যাওয়ার দরকার হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ অ্যাপ্লিকেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আলাদা ফরম ডাউনলোড করার দরকার নেই। অভিযোগ করার পর তা চলে যাবে কাছের মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে।
অনুষ্ঠানে আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।
বাংলাদেশি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস এই ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছে। অনুষ্ঠানে রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা আজমত ইকবাল এই অ্যাপ্লিকেশনের ব্যবহারবিধি বর্ণনা করেন। এ ছাড়া রিভের পক্ষ থেকে বিক্রয় প্রধান রায়হান হোসেন এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি