ঘরে বসেই নিত্যপ্রয়োজনীয়পণ্য ক্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে ঘরে বসেই কিনতে পারেন নিত্যপ্রয়োজনীয় সব পণ্য। চাল, ডাল, সবজি, মাছ, তরকারি থেকে শুরু করে ১০ হাজারের মতো পণ্য কেনা যাবে ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে বাজার করার এই সুবিধা নিয়ে এসেছে চেইন সুপার শপ মীনাবাজার। www.meenabazar.com.bd ঠিকানার ওয়েবসাইটে অর্ডার দিলেই গ্রাহকের বাসায় পণ্য পৌঁছে যাবে। গতকাল রোববার ধানমন্ডির মীনাবাজার হাউসে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে মীনাবাজারের প্রধান নির্বাহী কাজী আনিস আহমেদ বলেন, ‘২০০২ সালে যাত্রা শুরুর পর থেকে ক্রেতাদের সবচেয়ে কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। তার পরও ক্রেতাদের ঝামেলা এড়িয়ে স্বাচ্ছন্দ্যে পণ্য ক্রয়ের সর্বোচ্চ সুবিধা দিতে আমাদের এই অনলাইনে বাজারের সুবিধা চালু করা।’ এ সময় উপস্থিত ছিলেন মীনাবাজারের প্রধান পরিচালন কর্মকর্তা শাহিন খান এবং মীনাবাজারের বিভিন্ন শাখার প্রধানেরা। অনলাইনে কেনাকাটার অর্থ পরিশোধ করতে হবে ক্রেডিট কার্ডের মাধ্যমে। তাই বিদেশে বসেও দেশে পরিবারের জন্য বাজার করে পাঠাতে পারবেন যে কেউ। তবে অচিরেই ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশের (মোবাইল ফোনে অর্থ পরিশোধ) মাধ্যমে বাজার করা যাবে বলে জানানো হয়েছে।মিনাবাজারের এ ওয়েবসাইট থেকে যত টাকার বাজারই হোক, বাড়তি খরচ ৩০০ টাকা। ওয়েবসাইট ছাড়াও নিয়মিত ক্রেতাদের জন্য ক্লাব কার্ড চালু করেছে প্রতিষ্ঠানটি। গোল্ড ও সিলভার কার্ডের মাধ্যমে গ্রাহকেরা পয়েন্ট অর্জন করতে পারবেন। এবং পরে নির্ধারিত পয়েন্টের ভিত্তিতে পাবেন আকর্ষণীয় উপহার। এ ছাড়া ক্লাব কার্ডের গ্রাহকেরা বিশেষ দিনে যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী, পয়লা বৈশাখ, ১৬ ডিসেম্বরে কেনাকাটায় পাবেন নানা ধরনের ছাড়। —ইমাম হাসান