ঘরের তালা খুলবে মুঠোফোন!
চাবি হারিয়ে গেছে বা ঘরের নিরাপত্তার জন্য তালা আর যথেষ্ট মনে করছেন না? এর সমাধান দেবে ‘লকিট্রন’ নামের একটি প্রযুক্তি। মোবাইল ফোনে এই প্রযুক্তি ব্যবহার করে খোলা যাবে চাবি খোয়ানো তালা।সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এপিজি ‘লকিট্রন’ নামের এই নতুন প্রযুক্তি উদ্ভাবন করার কথা দাবি করেছেন। এ প্রযুক্তির সাহায্যে মুঠোফোন ব্যবহার করে ঘরের তালা খোলা যাবে। আবার দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে ঘরের তালা কেউ খুলছে কিনা, সে তথ্যও পাওয়া যাবে। গতকাল বৃহস্পতিবার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এ তথ্য জানিয়েছে।এপিজির প্রকৌশলীরা জানান, ‘লকিট্রন’ মূলত ঘরের তালার মতো একটি আলাদা নিরাপত্তা ব্যবস্থা। ঘরের সাধারণ তালার পাশাপাশি ‘লকিট্রন’ দরজায় লাগানো যায়। যেকোনো বোল্টের সঙ্গেই সহজেই এ পদ্ধতিটি লাগনো সম্ভব বলেই নির্মাতা প্রতিষ্ঠান এপিজির দাবি। স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে লকিট্রনকে তালা খোলার নির্দেশ দেওয়া যায়। লকিট্রন মূলত ওয়াই-ফাই ইন্টারনেট নির্ভর। সবসময় ইন্টারনেটসংযোগের আওতায় থাকায় দূরে বসেও লকিট্রনের ওপর নজর রাখা সম্ভব। লকিট্রন নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ব্লুটুথ প্রযুক্তিও সমর্থন করে। তাই যেকোনো স্মার্টফোন থেকেই লকিট্রনের সাহায্যে তালা খোলা সম্ভব হয়। যাদের স্মার্টফোন নেই তারাও এসএমএস সার্ভিস ব্যবহার করে তালা খুলতে পারবেন। লকিট্রনে ‘নক সেন্সর’ প্রযুক্তি ব্যবহূত হয়েছে। কেউ বাইরে থেকে দরজায় আঘাত করলেই স্মার্টফোনে নটিফিকেশন পাওয়া যাবে। চাবি দিয়ে কেউ দরজা খোলার চেষ্টা করলে ‘আনলক সেন্সর’ সে তথ্যও পৌঁছে দেবে স্মার্টফোনে। লকিট্রনে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তা একবছর পর্যন্ত চলতে সক্ষম হবে।২০১৩ সালের মার্চ মাস থেকে যুক্তরাষ্ট্রের বাজারে আসবে ‘লকিট্রন’ প্রযুক্তি। লকিট্রন কিনতে খরচ হতে পারে প্রায় ২০০ ডলার।