ঘরের শত্রু বিভীষণ?
যুক্তরাষ্ট্রে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে হ্যাকারের দল। সম্প্রতি দেশটির বিচার বিভাগ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের বিপুল পরিমাণ তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে জানা যায়। এফবিআই এবং অভ্যন্তরীণ নিরাপত্তা-বিষয়ক বিভাগের হাজার খানেক কর্মকর্তার নাম-পরিচয় এবং যোগাযোগের তথ্য ছিল এতে। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
কোনো হ্যাকার অথবা হ্যাকারদের একটি দল এই কাজ করে থাকতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। হ্যাকারদের দাবি, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের নয় হাজার কর্মকর্তার ব্যক্তিগত তথ্যের সংগ্রহ তারা ছড়িয়ে দিয়েছে টুইটারে। প্রযুক্তি-বিষয়ক ওয়েবপোর্টাল মাদারবোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট হ্যাকার দল শিগগিরই বিচার বিভাগের আরও ২০ হাজার কর্মকর্তার ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেবে বলে হুমকি দিয়েছে। যার ভেতর এফবিআই কর্মকর্তাদের তথ্যও রয়েছে।
ছড়িয়ে পড়া তথ্যের কিছু অংশ পরখ করে হ্যাকারের দাবির সত্যতা মিলেছে। যদিও এর মধ্যে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ বা ভুলে ভরা থাকতে পারে। এ সম্পর্কে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘যদিও ব্যক্তিগত এবং স্পর্শকাতর তথ্য ছড়িয়ে পড়ার কোনো নজির এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে বিষয়টিকে আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গেই নিয়েছি।’
সফটওয়্যার প্রকৌশলের খুব সাধারণ ধারণা থেকে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটানো হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। গত বছরের জুলাইয়ে প্রায় ২ কোটি ২০ লাখ সরকারি কর্মকর্তা হ্যাকারদের সাইবার আক্রমণের শিকারে পরিণত হয়েছিলেন। এরপর সিআইএর ওয়েবসাইট হ্যাক হয়েছিল, হোয়াইট হাউসের ই-মেইল বাধাগ্রস্ত হয়েছিল, এমনকি সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্টও আক্রান্ত হয়েছিল। ঘন ঘন এ ধরনের হ্যাকিং প্রসঙ্গে নিরাপত্তা বিশেষজ্ঞ থমাস রিস্টেনপার্ট বলেছেন, কোনো ব্যবস্থাই অভেদ্য নয়। ভেতরে ঢোকার জন্য একটিমাত্র ছিদ্রই যথেষ্ট।
বিবিসি এবং সিনেট অবলম্বনে দেব দুলাল গুহ