ঘরে-বাইরে বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় দলের সমর্থেন ঘরে–বাইরে দেখা দিয়েছে প্রীতি-বিভক্তি। মডেল: রনি ও এলভিন, ছবি: সুমন ইউসুফ
প্রিয় দলের সমর্থেন ঘরে–বাইরে দেখা দিয়েছে প্রীতি-বিভক্তি। মডেল: রনি ও এলভিন, ছবি: সুমন ইউসুফ

কয়েক হাজার মাইল দূরের দেশ ব্রাজিলে চলছে ফুটবল বিশ্বকাপ আর তার ঢেউ এসে আছড়ে পড়ছে এই ছোট্ট বদ্বীপে। বাংলাদেশ তাই টালমাটাল।
প্রিয় দলের পক্ষে চলছে কথার যুদ্ধ। উড়ছে পতাকা। প্রতিযোগিতা এখানেও। কার চেয়ে কে বড় পতাকা তুলতে পারে। ক্যাম্পাসের বাইরে ক্লাব, খেলার মাঠ, চায়ের দোকান, অফিস, ড্রয়িংরুম, বন্ধুদের আড্ডা—সবখানে ফুটবল আর ফুটবল। পতপত করে উড়ছে ফুটবল-সেরা বিভিন্ন দেশের হরেক রকমের পতাকা। পাশাপাশি বাংলাদেশের লাল-সবুজ পতাকাও উড়ছে।
প্রিয় দলের সমর্থনকে কেন্দ্র করে ঘরে-বাইরে দেখা দিয়েছে প্রীতি-বিভক্তি। ব্রাজিল বা আর্জেন্টিনার সমর্থন নিয়ে স্বামী কথার লড়াইয়ে জড়াচ্ছেন স্ত্রীর সঙ্গে, বোন বিরোধিতা করছেন ভাইয়ের৷ প্রেমিকও স্বস্তিতে নেই প্রেমিকাকে নিয়ে। অনেকটা শহীদ কাদরীর কবিতার মতো: ‘প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না…’। একজন সমর্থন করেন ব্রাজিল তো আরেকজন আর্জেন্টিনা। শান্তি মিলবে কীভাবে?
অন্যদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় তো রীতিমতো বিশ্বকাপের ঝড় উঠেছে। বেশির ভাগ ব্যবহারকারীই নিজেদের প্রোফাইল পিকচার আর কাভার ফটোটি প্রিয় দলের পতাকা অথবা জার্সি দিয়ে সাজিয়ে তুলেছেন। কেউ কেউ আবার গ্রাফিকস ব্যবহার করে প্রিয় দলের জার্সিতে নিজের নাম লিখে ফেলছেন। সেই সঙ্গে ফেসবুক স্ট্যাটাস আর টুইটারে বাগ্যুদ্ধে নেমেছেন অনেকে৷ বিশেষ করে ব্রাজিল আর আর্জেন্টিনার ভক্তদের মধ্যে এখন যুদ্ধংদেহী অবস্থা বিরাজ করছে।
বিশ্বকাপের ঢেউ লেগেছে সবচেয়ে বেশি তরুণ প্রাণে। বিশ্ববিদ্যালয়ের হলে হলে উড়ছে পছন্দের দেশগুলোর পতাকা, দেয়ালে দেয়ালে চলছে রঙের আঁকিবুঁকি। হলের শিক্ষার্থীরা পছন্দের দলের সমর্থক সংগ্রহে যাচ্ছেন কক্ষে কক্ষে। চলছে তালিকা বানানোর কাজ। এমনকি ফেসবুকেও চলছে পছন্দের দেশ নিয়ে ফ্যানপেজ খোলার প্রতিযোগিতা।
এক আড্ডায় কথা হয় ফুটবলভক্ত কজন শিক্ষার্থীর সঙ্গে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ অনন্যা। বিশ্বকাপ ফুটবল নিয়ে তিনি বলেন, ‘আমার বিবেচনায় আর্জেন্টিনা ফেবারিট। এবারের বিশ্বকাপে তারকা হবেন মেসি। সঙ্গে ডি মারিয়া, আগুয়েরো তো আছেনই।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আন্না খন্দকার। ব্রাজিলের সমর্থক এই তরুণীর মন্তব্য, ‘আমার দল পাঁচবার কাপ নিয়েছে। এবারও নেবে। নেইমার একাই এক শ।’
আশিকুর রহমান পড়ছেন নর্থসাউথ ইউনিভার্সিটিতে। ব্রাজিল-সমর্থক তিনি। ফেসবুকে নিজের প্রোফাইলে দিয়েছেন নেইমারের ছবি। কাভারে ঠাঁই পেয়েছে পুরো ব্রাজিল দল। প্রিয় দলের জার্সিতে নিজের নাম লিখে শেয়ার করেছেন।
এদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেহনাজ মৌটুসি পড়েছেন উভয়সংকটে। প্রিয় দলের খেলার দিনেই পড়েছে তাঁর পরীক্ষা। কিন্তু খেলা কিংবা পরীক্ষা কোনোটাই মিস করতে নারাজ তিনি। তাই আদাজল খেয়ে পরীক্ষার পড়াটা আগাম পড়ে রাখছেন।
এখন বিশ্বকাপ ফুটবলের মধ্যগগন৷ গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ইতিমধ্যেই বিদায় নিয়েছে৷ বিপরীতে নেদারল্যান্ডস আর ফ্রান্স তো তাক লাগানো ফুটবল উপহার দিয়ে চলেছে৷ দুই দলই ৫ গোলের দেখা পেয়েছে৷ ২১ জুন পর্যন্ত দুই খেলায় দুই দলেরই গোলসংখ্যা ৮৷ সেই তুলনায় আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ফল চমকে দেওয়ার মতো না হলেও ভক্তদের প্রত্যাশা, কাপ পাবে ল্যাটিন কোনো দেশ, ফাইনাল হওয়ার সম্ভাবনা এই দুই দলেরই৷
বিশ্বকাপ উন্মাদনার এই পালা শেষ হবে ১৩ জুলাই। তরুণদের একটাই প্রত্যাশা—মারাকানায় সোনায় মোড়ানো কাপ উঠুক প্রিয় দলের হাতে!