ঘষেমেজে আনা পুরোনো ফোনের বিক্রি বাড়ছে

নতুন স্মার্টফোনের তুলনায় রিফারবিশড বা ঘষেমেজে চকচকে করে বাজারে আনা স্মার্টফোনের বিক্রি বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের করা এক গবেষণায় দেখা গেছে, ২০১৭ সালে বিশ্বব্যাপী ১৩ শতাংশ রিফারবিশড স্মার্টফোনের বিক্রি বেড়েছে।
গত বুধবার ওই গবেষণা তথ্য প্রকাশ করে কাউন্টারপয়েন্ট। তাদের তথ্য অনুযায়ী, গত বছরে ১৪ কোটি রিফারবিশড ফোন বাজারে এসেছে। সে তুলনায় গত বছর নতুন স্মার্টফোন বিক্রির হার বেড়েছে মাত্র ৩ শতাংশ।
কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, বাজারে আসা পুরোনো স্মার্টফোনের ২৫ শতাংশই আবার ফেরত যায়। এর মধ্যে কিছু স্মার্টফোন রিফারবিশড করা হয়। রিফারবিশড ফোনের বাজারে অ্যাপল ও স্যামসাং সবচেয়ে এগিয়ে আছে। এই দুটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান যৌথভাবে রিফারবিশড বাজারে ৭৫ শতাংশ দখল করেছে। তা ছাড়া এ বাজারের মোট আয়ের ৮০ শতাংশ যায় স্যামসাংয়ের পকেটে।
নতুন ধারা প্রসঙ্গে গবেষণা পরিচালক টম ক্যাং বলেন, পুরোনো ফোনের ১৩ শতাংশ প্রবৃদ্ধি ধরলে বর্তমানে স্মার্টফোন বাজারের প্রায় ১০ শতাংশই রিফারবিশড ফোন। এ কারণে নতুন স্মার্টফোনের বাজারের প্রবৃদ্ধি কম। দুই বছর আগের মাঝারি মানের স্মার্টফোনগুলোর সঙ্গে নতুন স্মার্টফোনের নকশা ও ফিচারে উদ্ভাবনী পার্থক্য কম। এ ছাড়া কম দামের নতুন স্মার্টফোনের বাজার দখল করছে রিফারবিশড হাই এন্ডের স্মার্টফোনগুলো। এ ক্ষেত্রে আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোনগুলোর চাহিদা বেশি।
গবেষণা পরিচালক পিটার রিচার্ডসন বলেন, অনেকের কাছে আশ্চর্য লাগবে ভারতের মতো দেশে নতুন স্মার্টফোনের বদলে পুরোনো রিফারবিশড ফোনের বাজার দ্রুত বাড়ছে। ২০১৮ সালে এ কারণে নতুন ফোনের বিক্রি আরও কমবে।