ঘুড়ির মতো উড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশে ওড়ার আগে চলছে প্রস্তুতি । ছবি: সাজ্জাদ ইবনে সাঈদ
আকাশে ওড়ার আগে চলছে প্রস্তুতি । ছবি: সাজ্জাদ ইবনে সাঈদ
.
.

‘পাখি যদি দীর্ঘ সময় ভেসে বেড়াতে পারে, তাহলে আমি কেন পারব না?’—অরভিল রাইট।
আঠারো শতকের শেষ দিকে রাইট ভ্রাতৃদ্বয়ের একজন যখন এমন মন্তব্য করেছিলেন, মানুষ হেসেছিল। এরপর শত বছর পেরিয়েছে। উড়োজাহাজ, হেলিকপ্টার, প্যারাস্যুটের জামানায় পাখি হওয়ার ইচ্ছা এখন আর ‘হাস্যকর’ নয়। ‘রোমাঞ্চকর’ শব্দটাই বরং ভালো মানায়। সেই ‘রোমাঞ্চ’ ধার করতে পারেন অবসরপ্রাপ্ত মেজর আবু দার্দ্দা মো. মা’জের কাছ থেকে। মানুষকে পাখি বানানোর আজব জাদু জানেন তিনি। আপাতদৃষ্টিতে ‘প্যারামোটরিং’ নামের এই প্রযুক্তিকে স্রেফ যন্ত্রপাতির কারসাজি মনে হতে পারে। কিন্তু যখন মাটি থেকে কয়েক শ ফুট ওপরে ভেসে বেড়াবেন, সত্যিই ব্যাপারটা আপনার কাছে জাদু মনে হবে। সে নিশ্চয়তা দিচ্ছেন আবু দার্দ্দা মো. মা’জ, মেজর মা’জ নামেই যিনি বেশি পরিচিত।
বিশ্বের অনেক দেশেই প্যারামোটরিং বেশ জনপ্রিয়, এমনকি এর প্রতিযোগিতাও হয় কোথাও কোথাও। বাংলাদেশে শব্দটা এখনো নতুন। আকাশে ওড়ার এই ‘সহজতর’ প্রযুক্তির সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিতেই এ বছরের মাঝামাঝি সময় থেকে বাণিজ্যিকভাবে প্যারামোটরিং চালু করেছেন মেজর মা’জ।
যেভাবে হলো শুরু

তিন সহকর্মী—এনামুল, আজাদ ও মহসীনের সঙ্গে মা’জ (বাঁ থেকে দ্বিতীয়)
তিন সহকর্মী—এনামুল, আজাদ ও মহসীনের সঙ্গে মা’জ (বাঁ থেকে দ্বিতীয়)

‘বর্শা নিক্ষেপ, তলোয়ার যুদ্ধ, ঘোড়দৌড়—এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হলেও দিনে দিনে কিন্তু এগুলো খেলাধুলার অন্তর্ভুক্ত হয়ে গেছে। স্কাই ডাইভিং, প্যারাগ্লাইডিং, প্যারামোটরিং—এসবের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা তেমন। বাইরের দেশে রোমাঞ্চপ্রিয়দের কাছে এসব খুবই জনপ্রিয়। আয়োজনটা খুবই ব্যয়বহুল, তাই বাংলাদেশে এখনো সেভাবে চালু হয়নি। তবু, ছোট করে তো শুরু করাই যায়।’ শুরুতে এমনটাই ছিল আবু দার্দ্দা মো. মা’জের ভাবনা।
‘প্যারাস্যুট জাম্পিংয়ের’ অভিজ্ঞতা তাঁর আগে থেকেই ছিল। ১৯৯৯ সাল থেকে শুরু করে ২০০৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবসের কুচকাওয়াজে বাংলাদেশের পতাকা নিয়ে লাফিয়ে পড়েছেন তিনি। মা’জ ভাবছিলেন, কেমন করে আকাশে ওড়ার আনন্দটা সাধারণ মানুষের কাছেও পৌঁছে দেওয়া যায়। এ বছর জানুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর সোজা চলে গিয়েছিলেন মালয়েশিয়ায়। সঙ্গে ছিলেন আরও তিন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা—সার্জেন্ট আজাদুল ইসলাম, সার্জেন্ট এনামুল হক সরকার ও সার্জেন্ট মো. মহসীন আলী শিকদার। সেখানে তিনজনই ইন্টারন্যাশনাল এয়ার স্পোর্টস ফেডারেশন থেকে প্রশিক্ষণ নিয়েছেন, পেয়েছেন এফএআইয়ের (ফেডারেশন অ্যারোনটিক ইন্টারন্যাশনাল) অনুমতিপত্র।
দেশে ফিরেই পুরোদমে কাজে লেগে পড়েছেন তাঁরা। ফলাফল—২০১৩ সালের ১৮ এপ্রিল, বাংলাদেশের আকাশে প্রথম উড়ল প্যারামোটর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হলেও, কক্সবাজার আর কিশোরগঞ্জের বাজিতপুরে ঘুরে বর্তমানে মেজর মা’জের প্যারামোটরিং কার্যক্রম চলছে মুন্সিগঞ্জের মাওয়ায়।
ঘুড়ির মতো উড়ি

চালকের আসনে মা’জ
চালকের আসনে মা’জ

মেজর মা’জ জানালেন, প্যারামোটরের কারিকুরি অনেকটা ঘুড়ির মতো। বাতাসের বিপরীত দিকে বিশাল আকৃতির প্যারাস্যুটটাকে টানতে থাকলে সেটি প্রতিবাদ শুরু করে। বাতাসে ফুলে-ফেঁপে ওঠা প্যারাস্যুটকে আরও খেপিয়ে দিয়ে প্রপেলারের সাহায্যে ছোট্ট গাড়িটা সামনে এগিয়ে যায়। কিছুদূর গিয়ে প্রপেলার বন্ধ করে দিলেই ধীরে ধীরে আকাশের পথে রওনা হয় প্যারাস্যুট, সঙ্গে দুই আসনবিশিষ্ট গাড়িটাও। পেছনের আসনে বসবেন মেজর মা’জ, সামনের আসনে বসা আরোহী এরপর নিশ্চিন্তে ওড়ার আনন্দ উপভোগ করতে পারেন। বাতাসের সঙ্গে বন্ধুত্ব পাতানোর দায়িত্ব চালক মা’জের হাতে। হেলেদুলে ভাসতে ভাসতে আরোহীসহ এগিয়ে যান তিনি।
‘দেখতে না-দেখতেই দেড়-দুই শ ফুট ওপরে উঠে যাবেন। প্যারামোটর বাতাসের সঙ্গে দুলবে, নাচবে, ভাসবে। পদ্মা নদী, নৌকা, বাড়িঘর সবকিছুর ওপর দিয়ে উড়ে উড়ে যাবেন। এই অভিজ্ঞতা আসলে বলে বোঝানো যাবে না।’ বর্ণনা করতে গিয়ে সঠিক শব্দটা খুঁজে পাচ্ছিলেন না মা’জ। তাই আমরা শরণাপন্ন হই আরও একজনের। অস্ট্রেলিয়ান হাইকমিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহরুখ শাফী। কয়েক দিন আগেই মেজর মা’জের আরোহী হয়েছিলেন তিনি। তাঁরও একই বক্তব্য, ‘বলে বোঝানো যাবে না!’ দেশের বাইরে বেলুনে চড়ে আকাশে ওড়ার অভিজ্ঞতা আছে শাহরুখ শাফীর। প্যারামোটরিং তাঁর কাছে আরও বেশি রোমাঞ্চকর, এমনটাই বলছিলেন তিনি। ‘মাওয়ার কাছাকাছি একটা চর থেকে আকাশে উড়েছিলাম আমরা। পা ঝুলিয়ে ছোট্ট একটা চেয়ারে বসে থাকা... নিজেকে একদম হালকা মনে হয়। দুই পাশে তাকালে নিচে নদী, মাটি—দৃশ্যগুলোও অসাধারণ। নৌকা থেকে মানুষগুলো আমাদের দিকে হাত নাড়ছিল, আমরাও হাত নাড়ছিলাম।’
মাওয়া এলাকার মানুষজনের কাছে এ এক তাজ্জব ঘটনা! আকাশে সচরাচর উড়োজাহাজ, বড়জোর হেলিকপ্টার উড়তে দেখেই অভ্যস্ত তারা। বিশাল প্যারাস্যুটের সঙ্গে বাঁধা ছোট্ট গাড়িতে দুজন মানুষ পা ঝুলিয়ে বসে আছেন, এমন বিচিত্র দৃশ্যে তাদের চোখ কপালে উঠবে, সেটাই স্বাভাবিক। প্যারামোটর উড়তে দেখলেই ছোট-বড় সবাই ছুটতে থাকে পেছন পেছন। হাসতে হাসতে মেজর মা’জ বলছিলেন, ‘একবার মাটিতে নেমে দেখি এক লোক হাজির। তার কোমর পর্যন্ত কাদায় মাখামাখি। বলে, “ভাই, জিনিসটা কী, সেইটা দেখার জন্য এত দূর দৌড়াইতে দৌড়াইতে আসছি।” শুরুতে সবাই অবাক হতো, এখন অবশ্য এলাকার মানুষজন অভ্যস্ত হয়ে গেছে।’
নিরাপত্তা এবং অন্যান্য
‘প্যারামোটরিং হলো আকাশে ওড়ার সবচেয়ে সস্তা, সহজলভ্য ও নিরাপদ উপায়।’ এমনটাই বলছিলেন মা’জ। যাঁরা রোমাঞ্চ ভালোবাসেন, তাঁদের অবশ্যই প্যারামোটরিংয়ের অভিজ্ঞতা উপভোগের পরামর্শ দিলেন তিনি। প্যারামোটরে তাঁর আরোহী হতে হলে প্রতি মিনিটের জন্য আপনাকে দিতে হবে ৩০০ টাকা। ২০০ কেজি ওজন পর্যন্ত বহন করতে পারে এই প্যারাস্যুট। তবে যাঁদের হাঁপানি, উচ্চতাভীতি কিংবা উচ্চ রক্তচাপ আছে, তাঁদের আরোহী বানাতে রাজি নন মা’জ। শিশু ও বৃদ্ধরাও প্যারামোটরে চড়তে পারবেন না।
ইতিমধ্যে সাবেক কিছু সহকর্মীকে সঙ্গে নিয়ে স্কাই রপটর ক্লাব খুলেছেন মা’জ। বাংলাদেশে প্যারামোটরিংকে জনপ্রিয় করে তোলাই এখন তাঁর লক্ষ্য। চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ই-মেইল ঠিকানায় [email protected] অথবা [email protected]

এভাবেই কিছুদূর ছুটে যাওয়ার পর আকাশে উড়ে যায় প্যারামোটর
এভাবেই কিছুদূর ছুটে যাওয়ার পর আকাশে উড়ে যায় প্যারামোটর
মাটি ছাড়ার মুহূর্ত
মাটি ছাড়ার মুহূর্ত