ঘুম না এলে গান!
ছোটবেলায় যখন ঘুম আসত না, আপনার মা হয়তো আপনাকে ছন্দে ছন্দে কত কিছু বলে ঘুম পাড়িয়ে দিত। জার্মানির গবেষকেরা বলছেন, ঘুমের সঙ্গে সংগীতের একটা গভীর সম্পর্ক রয়েছে। রাতের বেলা মৃদু ছন্দের গান যেভাবে চোখ জুড়ে ঘুম এনে দিতে পারে তেমনি মস্তিষ্কের শক্তিও বাড়িয়ে দিতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।গবেষকেরা জানিয়েছেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে গান শুনলে মস্তিষ্কের ছন্দের সঙ্গে তা তাল মিলিয়ে নেয় এবং গভীর ঘুম এনে দিতে পারে, যা স্মৃতিশক্তি বাড়িয়ে দেয়।গবেষকেরা বলেন, ঘুমের মাধ্যমে মানুষের স্মৃতিগুলো গচ্ছিত হয়। মস্তিষ্কের হালকা তরঙ্গের সঙ্গে সংগীতের হালকা তরঙ্গ মিলে স্মৃতিশক্তি আরও বাড়িয়ে দিতে পারে। এ জন্য যেসব গানে তীব্রতা কম সেসব কোমল সুরের গানই কার্যকর হতে পারে।গবেষকেরা আশা করছেন, এ গবেষণার ফল মানুষের নিদ্রাহীনতার জন্য উপকারী কোনো উপায় বের করতে সক্ষম হবে।