ঘুম ভাঙানো ব্রাশ!
সকালের তাড়া, কিন্তু ঘুম থেকে জাগতে ইচ্ছা করে না? ঘুম থেকে উঠেই আবার ব্রাশের খোঁজ! কিন্তু এবারে ‘ওয়েকি’ নামের বিশেষ ধরনের একটি ব্রাশই আপনার ঘুম ভাঙানোর দায়িত্ব নিতে পারে। আপনাকে জোর করে ঘুম থেকে তোলার দায়িত্ব দিতে পারেন অ্যালার্ম ঘড়ি যুক্ত নিত্যপ্রয়োজনীয় দাঁত মাজার ব্রাশটিকেই। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগে প্রকাশিত এক তথ্য অনুযায়ী, বর্তমানে মানুষ স্মার্টফোন, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরার মতো পণ্যে একাধিক সুবিধা চান। ওয়েকি নামের ব্রাশটিও এবার প্রযুক্তি পণ্য হিসেবে একাধিক পণ্যের কাজ করবে। ব্রাশটির নকশা করেছেন যুক্তরাজ্যের নকশাবিদ ডেভিড হকিন্স। ব্রাশটির সঙ্গে যুক্ত অ্যালার্ম ঘড়িটি ব্রাশ ছাড়া বন্ধ করা যায় না। অ্যালার্ম ঘড়িটি সকালের নির্দিষ্ট সময়ে বাজতেই থাকে। যতক্ষণ না পর্যন্ত ব্রাশ ও অ্যালার্ম একসঙ্গে যুক্ত করা না হচ্ছে, ততক্ষণ এ অ্যালার্ম বাজতেই থাকে। অগত্যা ঘুম থেকে না উঠে, দাঁত না মেজে আর উপায় কী।