ঘুষ যে কারণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: সাদমান মুন্তাসির
আঁকা: সাদমান মুন্তাসির

সরকার মুঠোভরে বেতন বাড়ানোর পর আতা ঠিক করে, সে আর ঘুষ খাবে না। এই পণটা অবশ্য আগেই করেছিল। চাকরিতে ঢোকার আগে বাবা বলেছিলেন, ‘ঘুষটুস খাস নে, বাপ। এসব ভালো না।’
সেই বাবা যখন দুরারোগ্য ব্যাধি নিয়ে হাসপাতালে ভর্তি হলেন, তখন ঘুষের টাকা দিয়েই তাঁর চিকিত্সা করতে হয়েছে। বাবাকে অবশ্য আতা ধরে রাখতে পারেনি, কিন্তু তাঁর সেই কথা প্রায়ই কানে বাজে। কাজেই বেতন যখন বেড়েছে, ঘুষটা না খেলেই হয়। সিদ্ধান্তটা মনের ভেতর নাড়াচাড়া করে আতা।
বিকেলে নাশতার টেবিলে ঝুমার কাছে কথাটা পাড়বে, তার আগেই সে বলে বসে, ‘দেখো, এখন বেতন বেড়েছে। তুমি কিন্তু আর উপরি খাবে না!’ যেন আতার মনের কথা পড়ে নিয়েছে সে।
ঝুমার ছোট বোন রুমা ছিল পাশেই। কুট্কুট্ বিস্কুট চিবোতে চিবোতে সে বলে, ‘কী যে বলো না, আপু! দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার এই জিনিস। এটা কেউ ছাড়তে পারে!’
ঝুমার আঁতে লাগে। সে বলে, ‘আমার স্বামী অন্য সবার মতো না। দেখিস, ও ঠিকই সামলে নেবে।’
পরদিন অফিসে গিয়ে ঝামেলাপূর্ণ ফাইল সব আটকে দেয় আতা। নির্দোষ ফাইলগুলো ছেড়ে দেয়। পাশের টেবিলে বসা সমবয়সী সহকর্মী বিজন, যার একই পদ, সে চোখ কপালে তুলে বলে, ‘কী রে, উল্টোপাল্টা কাজ করছিস যে! এনিথিং রং?’
আতা বলে, ‘এত দিন যা রং ছিল, সেটাই এখন ঠিক করছি, দোস্ত।’
আতার কারণে অধস্তনেরাও দক্ষিণা থেকে বঞ্চিত হয়। শেষ বেলায় বিরক্ত হয়ে তারা কানাঘুষা শুরু করে, ‘আতাউল স্যাররে পাগলা কুত্তায় কামড়াইছে!’
সবাইকে মোটামুটি চটিয়ে অফিস থেকে বের হয় আতা। ফেরার পথে শুকনো বাজারে ঢুঁ মারে। চালের দাম কেজিপ্রতি পাঁচ টাকা বেড়েছে। মসুরের ডাল হাইজাম্প দিয়ে কেজিতে ৩০ টাকা যোগ করেছে। ডিম, চিনি, টয়লেট টিস্যুও লাফাচ্ছে।
দাম বাড়ার কারণ জিজ্ঞেস করতেই দোকানি হে হে করে হেসে বলে, ‘বাড়ার আর দেখছেন কী, স্যার! কয়ডা দিন যাইতে দেন, আপনেগো বেতন বাড়ছে না!’
আতা মাথা চুলকায়। তবে কি ভুল করছে সে?
বাসায় ফিরে আতা রোজকার মতো পোশাক পাল্টে বাথরুমে ঢোকে। ঝুমা দেখে, চাল–ডালের সঙ্গে ফলমূল বা মিষ্টির প্যাকেট আসেনি। এমনকি মেয়ের জন্য ক্যাডবেরি বা চিপসও নেই।
চকিতে আতার প্যান্টের পকেটে হাত ঢোকায় ঝুমা। মানিব্যাগ হাতড়ে মুখটা আমসি হয়ে যায়। কিন্তু উপরি না খাওয়ার উত্সাহ তো সে-ই দিয়েছে। কী বলবে এখন?
আতা বাথরুম থেকে বেরোতেই মেয়ে অর্থী চেপে ধরে, ‘বাবা, তুমি আমার জন্য কিছু আনোনি কেন? তুমি একটা পচা ছেলে!’
আতা ওকে শান্ত করতে গিয়ে হিমশিম খায়। ঝুমা বিরস মুখে চা হাজির করে। সে চা পানসে। চিনি হয়নি। ঝুমা ঠিকই স্বামীর মনোভাব টের পায়। কিছু বলে না।
প্রতিজ্ঞায় অটল থাকে আতা। পরদিন অফিসে গিয়েও একই কাজ করে। একপর্যায়ে বস জরুরি তলব করেন। সাপের মতো তাকিয়ে বলেন, ‘খাগড়াছড়ি যেতে চান?’
আতা বুক টান করে বলে, ‘তাহলে তো বাঁচি।’

.
.

আতার জবাবে এবার বসই ঘাবড়ে যান। বলে কী? এর কি নাট-বল্টু সব ঢিলা হয়ে গেছে? নরম গলায় বলেন, ‘ইয়াং চ্যাপ, এত ক্রেজি হলে চলে? কী সমস্যা, আমাকে বলুন। সমাধান করে দিচ্ছি।’
‘সমস্যা তো এত দিন ছিল, স্যার। সেটাই শুধরানোর চেষ্টা করছি।’
শিগগিরই আতার জীবনধারা পাল্টে যায়। দেখা যাচ্ছে, বাসাভাড়া দেওয়ার পর তেমন কিছু থাকে না। মাসের ১০ তারিখের পর থেকে ঝুমার ঝুমঝুমি বাজানো শুরু হয়।
ঘরের খাবারদাবারে নাটকীয় পরিবর্তন আসে। রুটি আর আলুভাজির নকআউট পাঞ্চে দূর হয় পরোটা-পায়ার ঝোল, ডিম-খিচুড়ি, চালের রুটি আর সুজির মোহনভোগ। দুপুরে পঞ্চ-ব্যঞ্জনের ঘনঘটা এখন তিন পদে আটকা। ডাইনিং টেবিলে ঘুরপাক খায় নলা, তেলাপিয়া, জাটকা। সপ্তাহান্তে অবশ্য মাংসের দেখা মেলে। অর্থীর প্রাপ্তি এখন কম দামি চিপস, চানাচুর আর চকলেটে সীমাবদ্ধ। ১৫০ টাকার ক্যাডবেরি আসে মাসে একবারই।
এদিকে কৃচ্ছ্রসাধনে ঝুমার গা থেকে মেদ সব ঝরে গেছে। রুমা সেদিন ওকে দেখে ভারি অবাক। বলে, ‘কি রে, তুই যে রূপকথার সিনডারেলা হয়ে গেছিস! এত স্লিম হলি কী করে! বল না।’
আহ্, কী যে ভালো লাগল ঝুমার! তবে এর রহস্য উন্মোচন করেনি।
অফিসে এখন কানাঘুষার কেন্দ্রবিন্দু আতা। অধস্তনেরা ফাঁক পেলেই বলে, ‘আতা সাব যা-তা।’ বিজনের সঙ্গে এর মধ্যে দূরত্ব বেড়েছে। বিজন যখন বাইরে থেকে কাচ্চি বিরিয়ানি এনে লাঞ্চ সারে, আতা তখন ভাজি–ভর্তা দিয়ে ভাত খায়। বিজন যখন লেটেস্ট মডেলের দামি মোবাইল ফোনের স্ক্রিনে প্রযুক্তির রকমারি চমকে আত্মহারা, আতা তখন পুরোনো সেটটা নিয়ে মকশো করে। অর্থের জোশে বিজনের চেহারায় চাকচিক্য, পেটে পেল্লাই ভুঁড়ি।
আতার উল্টো অধোগতি। যাও বা একটুখানি ভুঁড়ি ছিল, সেটাও লোপাট হয়ে যায়। বিজন বিরাশি সিক্কা ভিম ভিম, আতা ন্যাতা ন্যাতা হিমশিম।
সেদিন কর্মব্যস্ত দুপুরে তার স্বরে বেজে ওঠে অগ্নিসংকেত। অফিসে কোথাও আগুন লেগেছে। নিমেষে দুদ্দাড় হুটোপুটি, ঝেড়ে দৌড় ছুটোছুটি। এ দৌড়ে পাতলা শরীর নিয়ে প্রথম হয়ে যায় আতা। সে যখন নিচে গিয়ে নিরাপদ স্থানে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, বিজনের তখনো দেখা নেই। একটা হুলুস্থুল, হইচই আর চিত্কারে রীতিমতো রাবণপুরী বনে যায় অফিস।
খানিক পর শোনা যায়, মোটুরা সব হুড়োহুড়ি করে একসঙ্গে নামতে গিয়ে কয়েকজন আহত। বিজনের কপালে ইয়াবড় একটা আলু উঠেছে। এক পা মচকেছে, এক হাতে ফ্র্যাকচার। তবে সত্যি সত্যি আগুন কিন্তু লাগেনি। যন্ত্রটা হঠাৎ বিগড়ে গিয়ে অযথাই বেজে উঠেছিল।