
নাসার অ্যাকুয়া স্যাটেলাইটের মডারেট রেজল্যুশন ইমেজিং স্পেকট্রোরেডিওমিটার (মডিস) যন্ত্রে ১৫ মে ঘূর্ণিঝড় মহাসেনের বিপুল শক্তি অর্জনের দৃশ্য ধরা পড়ে। ভারত মহাসাগরের উত্তরাংশে এর আগের দুই দিন ধরে ঘূর্ণিঝড়টি ঘনীভূত হচ্ছিল। চলতি মৌসুমে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের এ অংশে এটাই প্রথম ঘূর্ণিঝড়। কখন, কোথায়, কোন ঝড় হয় তা নিয়ে বিভ্রান্তি এড়ানোর জন্য এদের নামকরণ করা হয়। ১৯৪৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ঝড়ের নামকরণ শুরু হয়। পূর্বনির্ধারিত একটি নামের তালিকা থেকে একেকটি ঝড়ের নাম দেওয়া হয়। কোনো ঝড়ের গতিবেগ যদি ঘণ্টায় ৬৫ কিলোমিটার অর্জন করে, তাহলে তাকে একটি নাম দেওয়া হয়।১৯৯৯ সালে ওডিশায় ঘূর্ণিঝড়ের পর ২০০০ সালে ওয়ার্ল্ড মেটিওরলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) ও এসক্যাপ তাদের বৈঠকে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরুর বিষয়ে একমত হয়। ২০০৪ সালে প্রথম অনিল ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়।