ঘড়ি ছাড়া চলেই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় পোশাক জিনস, টি-শার্ট
প্রিয় পোশাক জিনস, টি-শার্ট

স্টাইল: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। সময় মেনে কাজ করেন। তাই হাতে সব সময় ঘড়ি। ব্যবহার করেন নানা রকমের রোদচশমা। আজ থাকছে তাঁর স্টাইল
খেলা দিয়ে মাত করেছেন একসময়। দলের সবাইকে নির্মল বিনোদন দেওয়াও যেন ছিল তাঁর অলিখিত কাজ। ১৯৯৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে। সবকিছু সময় মেনে করেন। খেলার মাঠেও তাই ঘড়ি পরে নেমে যেতেন। দুটি জিনিস ছাড়া তিনি চলতে পারেন না। একটি ঘড়ি, আরেকটি রোদচশমা। তিনি ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। অনেকে যাকে গুল্লু নামেও চেনেন।
শুধু চশমা বা ঘড়ি নয়, নিজের পোশাক নিয়েও থাকেন সচেতন সারাক্ষণ। টি-শার্ট আর জিনস পরতে বেশি পছন্দ করেন। এ ছাড়া পাঞ্জাবির প্রতি আছে আলাদা আকর্ষণ। ক্রিকেট যখন খেলতেন, তখন মাঠের বাইরের সময়টা বেছে নিতেন পাঞ্জাবি। এখন সেটা বদলে গেছে। জাভেদ ওমর জানান, ‘এখন তো প্রতিদিন নানা কাজে বাইরে যেতে হয়। তাই কাজের সুবিধার্থে টি-শার্ট আর জিনস পরি। তবে বিশেষ দিন মানেই আমার বিশেষ পাঞ্জাবি। পছন্দের ডিজাইনারের নকশায় তৈরি পাঞ্জাবির পাশপাশি বাজার থেকেও কিনে নিই পছন্দমতো। অন্যান্য রংও পরা হয়, তবে উজ্জ্বল রঙের পোশাক পরতে ভালো লাগে।’

বর্ণিল টি-শার্ট, রোদচশমায় স্মার্ট জাভেদ ওমর বেলিম। ছবি: সৈকত ভদ্র
বর্ণিল টি-শার্ট, রোদচশমায় স্মার্ট জাভেদ ওমর বেলিম। ছবি: সৈকত ভদ্র


টি-শার্ট আর জিনস পরলে ঘড়ির পাশাপাশি ব্রেসলেটও পরেন। পায়ে থাকে পুমার জুতা। এই ব্র্যান্ডের ঘড়ি ও জুতাও বেশি পরা হয় তাঁর। গোল গলা ও কলার দুই ধরনের টি-শার্টই পরেন। ক্যাজুয়াল শার্টের সঙ্গে ক্যাজুয়াল প্যান্ট পরেন। এই সময়ে পাল্টে নেন হাতঘড়ি আর চশমা। ব্যবহার করেন নানা রকমের সুগন্ধি। আগে শুধু ডলসে গাভানা ব্যবহার করলেও এখন সেখানে যোগ হয়েছে ইটালিটি, ল্যাকোয়েস্টা, সিকেসহ নানা ব্র্যান্ডের সুগন্ধি। ফরমাল অনুষ্ঠানে থাকেন সম্পূর্ণ কেতাদুরস্ত পোশাকে। শার্ট, প্যান্ট, কোট, টাই থেকে পায়ের জুতা সব কিছু পরেন অনুষ্ঠান বুঝে। ফরমাল অনুষ্ঠানে পরেন সোয়াচ ব্র্যান্ডের ঘড়ি। কালো জুতার সঙ্গে বেছে নেন বাদামি রঙের বেল্ট।
বাড়ির বসার ঘরে আছে বড় দুটি আলমারি । এখানে যত্নে সংগ্রহ করে রেখেছেন বিভিন্ন সময়ের ক্রিকেট ব্যাট, বল, স্টাম্প, গ্লাভস, ক্যাপ, মেডেলসহ নানা স্মারক। খেলা থেকে অবসর নেওয়ার পর এখন বেশি সময় কাটান স্ত্রী আর সন্তানকে নিয়ে। এর বাইরে বর্তমানে কাজ করছেন ক্যামব্রিয়ান স্পোর্টস একাডেমির প্রধান ক্রিকেট কোচ হিসেবে। কাজের ফাঁকে স্ত্রী আর সন্তানকে নিয়ে প্রতিবছর ঘুরতে যান দেশ-বিদেশের নানা স্থানে।
আড্ডা দিতে ভালোবাসেন বন্ধুদের সঙ্গে। কথার ফাঁকেই বড়সড় আকারের একটা অ্যালবাম খুলে মেলে ধরলেন। মোটা এই অ্যালবামের প্রতিটি পাতায় কেটে রাখা বিভিন্ন পত্রিকার নিজের ও দলের খবর।