
চাল কিনে বারবার বোল্ড হতে কার ভালো লাগে? আশিক প্রতি মাসেই ভাবে, চাল কেনায় এবার ছক্কা হাঁকাবে। কিন্তু ধোঁকাবাজির স্পিনে প্রতিবারই কট বিহাইন্ড।
উপমা উষ্মা নিয়ে বলে, ‘কী চাল নিয়ে আসো, বাচ্চারা খেতে পারে না! বৃষ্টিঝরা মাঠের কাদার মতো জাউ হয়ে যায় ভাত!’
আশিক ভাবে, সত্যিই তো, চাল হবে রোদেলা মাঠের মতো ঝরঝরে, গ্যালারির উল্লাসে মাতা দর্শকের মতো, যার চমক হবে মুস্তাফিজের কাটারে শাটার টেপা ক্যামেরার ফ্ল্যাশ। সে চালের ভাত খেয়ে পাওয়া যাবে তামিমের চার আর সৌম্যর ছক্কা দেখার মতো স্বাদ।
তা নয়, যে চালই আশিক নিয়ে আসে, ভাত হয় ঢিমেতেতালা টেস্টের অলস প্রহরের মতো। ঠ্যাশ্ ঠ্যাশ্ করে খালি বল ঠেকাও।
আশিক অবশ্য ব্যাকফুটে এসে বলে, ‘প্রতিবারই তো চিকন চাল নিয়ে আসি, কেন যে এমন হয়! এইবারেরটা তো দেখেছ আম্পায়ারের আঙুলের মতো কেমন স্লিম! এরপরও চালে যে কী হয়!’
জুত পেয়ে বাসার সব কাজের কাজি (মাঝেমধ্যে থার্ড আম্পায়ারের ভূমিকা পালন করে) সোলেমান পরামর্শ দেয়, ‘এইবার লন মামা, আম্পায়ারের আঙুলের মতো চাউল না আইনা স্টাম্পের বেলের মতো মোটা চাউল আনি।’
‘মানে?’
‘চিকন চাউলে কাম অইত না, মামা। এই চাউলে ফিক্সিং আছে। কাইটা-ছাঁইটা মোম পালিশ কইরা এর আসল পালিশ শেষ কইরা দেয়। মোটা চাউলে চিটিংবাজি নাই।’
উপমা আপত্তি জানায়, ‘বাচ্চারা মোটা চাল খেতে পারবে না। চিকন চালই আনতে হবে। ওয়ানডে আর টি-টোয়েন্টি এক হলো?’
আরেকবার ছক্কা হাঁকানোর হিম্মত নিয়ে চাল কিনতে বেরোয় আশিক। সঙ্গে থার্ড আম্পায়ার সোলেমান।
বাজারে চালের দোকান অনেক। এর মধ্যে রমেশ পোদ্দারের দোকান থেকেই বেশি চাল কেনা হয়। এ যেন ঘুরেফিরে সেই ১৩ রানের ফাঁড়া।
আশিক গিয়ে বলে, ‘বারবার কী চাল দেন রমেশদা, ভাত তো খাওয়া যায় না। গিন্নির কথার গুগলিতে খালি ধাঁধা দেখি!’
রমেশ হেঁ হেঁ করে হাসে। চশমাটা নাকের নিচে নামিয়ে বলে, ‘এইবার একটা ভালো চাউল আনচি। এক্কেরে চক্কা!’
পাশ থেকে সোলেমান বিজ্ঞের মতো বলে, ‘এইবার কিন্তু বুইঝা-শুইনা চাউল দিয়েন, কাকা। মামি এক্কের লাইনের ওপর ক্যাচ ধরার জন্য খাড়া। আর তাঁর বল তো দ্যাখেন নাই। এমুন ফিক্কা মারব, একলগে তিনডা স্টামই কইলাম উইড়া যাইব!’
রমেশ ফতুয়ার প্রান্তে চশমার কাচ ঘষতে ঘষতে বলে, ‘অ্যাঁ, কচ কী!’
‘হ, এইবার কইলাম ফক্কা দিয়েন না। ছক্কাই য্যান অয়।’
‘আরে হ হ, এইবার চক্কা! চক্কা!’
এই বলে একগাদা চালের বস্তার আড়াল থেকে টেনেহিঁচড়ে নতুন একটা বিশেষ বস্তা বের করে রমেশ।