চট্টগ্রাম ও খুলনায় মেয়েদের জন্য প্রোগ্রামিং ক্যাম্প
চট্টগ্রাম ও খুলনায় মেয়েদের জন্য তিন দিনের গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্পের আয়োজন করা হয়। ১০ নভেম্বরে শুরু হয়ে এই প্রোগ্রামিং প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয়েছে ১২ নভেম্বর। চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (সিআইইউ) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী ও চট্টগ্রামের সাংসদ ওয়াসেকা আয়েশা খান।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সনদপত্র তুলে দেন কুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এম এম এ হাশেম। এ ছাড়া অংশগ্রহণকারীদের সঙ্গে একটি বিশেষ কর্মশালা পরিচালনা করেন গ্রামীণফোনের রাজশাহী সার্কেলের ডেটা ও ডিভাইস-প্রধান কানিজ ফাতেমা।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে প্রোগ্রামিং প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে এই দুটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উদ্দেশ্য কম্পিউটার প্রোগ্রামিংয়ে মেয়েদের আগ্রহী করে তোলা এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় মেয়েদের অংশগ্রহণের হার বাড়ানো।
ক্যাম্পে প্রোগ্রামিংয়ের খুঁটিনাটি, বিশেষ করে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম এবং বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতার সমস্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।
আগামী ২৪-২৬ নভেম্বর কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গ্রেস হপার গার্লস ক্যাম্প অনুষ্ঠিত হবে। কুমিল্লা অঞ্চলের আগ্রহী মেয়েরা https://goo.gl/forms/8Ll23FW4g53Rsejk2 ঠিকানার ওয়েবসাইটে প্রাক্নিবন্ধন করতে পারবে।
বিজ্ঞপ্তি