চট্টগ্রাম ও পঞ্চগড়ে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ শুরু
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে সুন্দরবনের পক্ষে চট্টগ্রাম ও পঞ্চগড়ে ভোট সংগ্রহ শুরু হয়েছে। সুন্দরবনের জন্য ভোট সংগ্রহের লক্ষ্যে বন্দরনগর চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘বিনোদনে পর্যটন মেলা ২০১০’ শীর্ষক ১০ দিনব্যাপী মেলা। নগরের স্টেশন রোডে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন আহমেদ। মেলা উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যটনবিষয়ক রচনা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কনসার্ট, প্রবেশমূল্যের ওপর র্যাফেল ড্রসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।‘ভোট ফর সুন্দরবন’ স্লোগানে এ মেলার আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মিডিয়া রিফ্লেকশন। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। মেলায় ভোট সংগ্রহ করার কার্যক্রম পরিচালনা করছে ‘সাড়া দাও বাংলাদেশ’। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেলা।এ ছাড়া পঞ্চগড়ে আগামী বছরের নভেম্বর মাসের মধ্যে ৫০ হাজার ভোট সংগ্রহের কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বর ও মিলনায়তনের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে পাশে স্টল বসানো হবে। এসব স্টল থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ৫০টি কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে বিনামূলে ই-মেইল ঠিকানা খোলা এবং সুন্দবনকে ভোট দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রস্তুতি কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানুল পারভেজ, পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বক্তব্য দেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘোষণা দেন। প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে একটি স্টলে তিনটি ল্যাপটপ থেকে সুন্দরবনকে ভোট দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। —চট্টগ্রাম অফিস ও পঞ্চগড় প্রতিনিধি