চট্টগ্রাম থেকে শুরু হলো ‘উইকি উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে সবচেয়ে বিশ্বকোষ উইকিপিডিয়ায় বাংলাদেশের তথ্য আরও বেশি সমৃদ্ধ করার জন্য চট্টগ্রাম থেকে শুরু হয়েছে উইকি উৎসব।চট্টগ্রামের শিশু একাডেমীতে গত সোমবার বিকেলে ‘উইকি উৎসবের’ আয়োজন করে চট্টগ্রামের উইকিপিডিয়া সমন্বয় পরিষদ। এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা ছবি আঁকে ‘প্রিয় চট্টগ্রাম’ বিষয়ে। এ ছাড়া উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল আলোচনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।উইকি উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর নগর সম্পাদক এম নাসিরুল হক, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, উইকিপিডিয়া সমন্বয় পরিষদের আহ্বায়ক সাফিয়া গাজী রহমান, সমন্বয়কারী আদনান মান্নান প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতিতে চট্টগ্রামের স্বকীয়তা রয়েছে। এসব ঐতিহ্যকে উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে।মুনির হাসান বলেন, ‘আমরা চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো উইকিপিডিয়া উৎসবের সূচনা করলাম। আজকের অনুষ্ঠানের পুরো কার্যক্রমই উইকিপিডিয়ায় তুলে ধরা হবে। ভবিষ্যতে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি এবং চট্টগ্রামের যাবতীয় তথ্য তুলে ধরব।’ উৎসবে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি)। এতে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল। রানারআপ হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), ইউএসটিসি ও চুয়েট। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি সৈয়দ আহসানুল আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ প্রমুখ। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম