বেসরকারি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি) আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সকালে নগরের ফয়’স লেক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্ব ঘটনার জের ধরে এমবিবিএসের শিক্ষার্থীদের হামলায় মিথুন চৌধুরী নামে বিবিএর এক শিক্ষার্থী আহত হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়।
ইউএসটিসির সহ-উপাচার্য (প্রোভিসি) এ এইচ এম ইসহাক চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস এবং বিবিএর শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিলে আমরা জরুরি সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছি। এর সঙ্গে কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধানে একটি তদন্ত কমিটি গঠনের পদক্ষেপ নিয়েছি। তদন্তে যারা দোষী বিবেচিত হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (বিবিএমএইচ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শওকত আলী জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক থাকবে।’
আজ সকালে খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয় ঘোষণার পর পুলিশ বিবদমান দুই পক্ষকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেয়।
নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বন্ধ ঘোষণার পর আমরা বিবিএ এবং এমবিবিএসের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিরাপদে ক্যাম্পাস থেকে সরিয়ে দিয়েছি।’
আজ সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ভেতরে হাসপাতাল এলাকা থেকে লাঠিসোঁটা হাতে নিয়ে মিছিল নিয়ে আসেন শতাধিক বিবিএ শিক্ষার্থী। তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে বিবিএ শ্রেণীকক্ষের নিচে এসে অবস্থান নেন। তখন এমবিবিএসের শিক্ষার্থীরা ছিলেন হাসপাতালের ভেতরে। একপর্যায়ে দুপক্ষের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বেলা দুইটা পর্যন্ত তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউএসটিসির এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র কামরুল ইসলাম এবং বিবিএর প্রথম সেমিস্টারের ছাত্র ক্রেডিট চাকমা নগরের ফয়’স লেক এলাকায় একটি মেসে একসঙ্গে থাকতেন। গত সোমবার রাতে বাসায় বাতি জ্বালানোকে কেন্দ্র করে দুজন বিবাদে লিপ্ত হন। ঘটনা জানাজানি হলে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিবিএর শিক্ষার্থীরা এমবিবিএসের শিক্ষার্থীদের মারধর করেন। পরে দুপক্ষের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা বসে এর সমাধান করেন।
ঘটনার জের ধরে আজ বেলা সাড়ে ১১টার দিকে বিবিএর শ্রেণীকক্ষের নিচে অবস্থানরত বিবিএসের শিক্ষার্থীরা এমবিবিএসের শিক্ষার্থীদের দেখে উসকানিমূলক মন্তব্য করেন। এর প্রতিবাদে এমবিবিএসের শিক্ষার্থীরা বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্র মিথুন চৌধুরীকে মারধর করেন।
খবর পেয়ে বিবিএর শিক্ষার্থীরাও লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন। এ সময়ে ক্যাম্পাসে অবস্থানকারী ইন্টার্ন চিকিত্সক সমিতির সভাপতি চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজকেও হামলা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে চাইলে ইমতিয়াজ এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।
বিবিএর জ্যেষ্ঠ শিক্ষার্থী মাইনুদ্দিন বলেন, ‘এমবিবিএসের শিক্ষার্থীরা আমাদের সহপাঠী মিথুন চৌধুরীকে মারাত্মকভাবে আঘাত করেছেন। এর প্রতিবাদে সাধারণ ছাত্ররা প্রতিবাদ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সমাধানের আশ্বাস দিলে আমরা ক্যাম্পাসে সরে যাই।’
ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে (বিবিএমএইচ) চিকিত্সাধীন মিথুন চৌধুরীকে দেখতে গিয়ে দেখা যায়, তাঁর মাথায় ও বাম হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যান্ডেজ রয়েছে। স্যালাইন চলছিল। তিনি বলেন, ‘আজ বুধবার দুপুর ১২টার দিকে আমি টয়লেটে যাওয়ার জন্য বিবিএর শ্রেণীকক্ষ থেকে নিচে নামলে আচমকা দা, কিরিচ, হকিস্টিক নিয়ে এমবিবিএসের ৩০-৪০ জন শিক্ষার্থী আমার ওপর চড়াও হন। তাঁরা আমাকে মারধর করেন এবং মাথায় আঘাত করেন। পরে আমি মাটিতে লুটিয়ে পড়লে আমার সহপাঠীরা এসে হাসপাতালে ভর্তি করান।’