চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থমথমে, ক্লাস হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ঘটনার পর আজ সোমবার বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কোনো বিভাগে ক্লাস হয়নি। ক্যাম্পাসে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শাহ আমানত হলের প্রাধ্যক্ষ বাদী হয়ে গতকাল রাত ১১টার দিকে হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি—তদন্ত) আবুল কাসেম জানিয়েছেন, মামলাটির নম্বর ১০।

আজ বিশ্ববিদ্যালয় খোলা রয়েছে। ট্রেনও চলছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। সহকারী প্রোক্টর অহিদুল আলম বলেছেন, ক্যাম্পাস খোলা থাকলেও গতকালের ঘটনার কারণে আজ শিক্ষার্থীদের উপস্থিতি কম। এ কারণে ক্লাস হচ্ছে না।

ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকালের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত শনিবার রাতে সিলেট নগরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল উদ্দিন আহমেদের ওপর হামলা হয়। জালালের হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

এর জের ধরে ওই রাতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নেয়। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। রাতেও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

সংঘর্ষে ছাত্রশিবিরের নেতা মামুন হোসেন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

নিহত মামুন হোসেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

সংঘর্ষে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র সাইদুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্র রাহাত, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এনামুল হক ও গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র আমজাদ। আহত অন্যদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও করা হয়েছে। রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।