চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
গতবার পাসের হার ছিল ৭১ দশমিক ৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল তিন হাজার ১৪৫ জন।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের মুরাদপুরে অবস্থিত শিক্ষা বোর্ড কার্যালয়ে ঘোষিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৪ দশমিক শূন্য ৮ শতাংশ। এ ছাড়া চট্টগ্রাম জেলার পাসের হার ৫২ দশমিক ৭৯ শতাংশ। চট্টগ্রাম মহানগরসহ জেলায় পাসের হার ৬২ দশমিক ৮৯ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে অন্তর্ভুক্ত ১৯৬টি কলেজের ৬৪ হাজার ২৮২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬৩ হাজার ৬৮৬ জন। ৪২ জনকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ বছর পাসের হার কমার পেছনে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করা যায়। হরতালের কারণে ১২ বার জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে।’
পাঁচবারের মতো শীর্ষে ফৌজদারহাট ক্যাডেট কলেজ
বোর্ড সূত্রে জানা গেছে, এ নিয়ে টানা পঞ্চমবারের মতো বোর্ডের সেরা ১০ কলেজের শীর্ষে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৩ সালে একই অবস্থানে রয়েছে কলেজটি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ। চতুর্থ থেকে ২০তম স্থানে রয়েছে যথাক্রমে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সরকারি হাজি মুহাম্মদ মুহসিন কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, নৌবাহিনী স্কুল ও কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজ, বিএএফ শাহীন কলেজ, পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও কলেজ, আগ্রাবাদ মহিলা কলেজ, কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ ও হাজেরা তজু ডিগ্রি কলেজ।
ফলাফলে পিছিয়ে গেল তিন পার্বত্য জেলা
চট্টগ্রাম বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তিন পার্বত্য জেলার শিক্ষার্থীরা এ বছর ফলাফলে পিছিয়ে পড়েছে। গত বছরের তুলনায় এবার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পাসের হার কমেছে। রাঙামাটিতে ৪৯ দশমিক শূন্য ৪, খাগড়াছড়িতে ৪৬ দশমিক ৮৬ ও বান্দরবান জেলায় পাসের হার ৫৫ দশমিক ৪১ শতাংশ। গত বছর রাঙামাটিতে পাসের হার ছিল ৫৮ দশমিক ৭৮, খাগড়াছড়িতে ৬২ দশমিক ৯৪ ও বান্দরবানে ৬৮ দশমিক শূন্য ৭ শতাংশ।