চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বসছে কম্পিউটার কেন্দ্র
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বসছে কম্পিউটার কেন্দ্র।ফলে এখন থেকে আর এ বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা পাসের সনদ, নম্বরপত্র (মার্কশিট), নিবন্ধনপত্র (রেজিস্ট্রেশন কার্ড), প্রবেশপত্র পেতে দীর্ঘ দিন অপেক্ষায় থাকতে হবে না। দু-এক দিনের মধ্যেই এসব পেয়ে যাবে তারা। আগে এসব শিক্ষা উপকরণ পেতে সময় লাগত প্রায় ১৫ থেকে ২০ দিন। কারণ আগে এগুলো সবই সরবরাহ করা হতো ঢাকায় অবস্থিত কম্পিউটার কেন্দ্র থেকে। খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর বোর্ডের সংশ্লিষ্ট কম্পিউটার কেন্দ্রগুলো স্থানান্তর হয়েছে এসব বোর্ডের নিজস্ব কার্যালয়ে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যেই নগরের মুরাদপুরে অবস্থিত চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয়ে বসবে এই কম্পিউটার কেন্দ্র। ১৯৯৫ সালে ঢাকায় গড়ে তোলা হয় চট্টগ্রাম বোর্ডের কম্পিউটার সেন্টার। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী বলেন, ‘জুনিয়র সার্টিফিকেট পরীক্ষার আগে সবকিছু গুছিয়ে নেওয়া, প্রয়োজনীয় যন্ত্রপাতি, লোকবল নিয়োগের বিষয়টি নিশ্চিত করতে পারলে আমরা শিগগিরই চট্টগ্রাম কম্পিউটার কেন্দ্রকে পুরোপুরি কার্যকর করে তুলতে পারব। এ ব্যাপারে জোর চেষ্টা চালাচ্ছি। আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যে এর কার্যক্রম পুরোপুরি চালু করা যাবে।’ —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস