চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেডিংয়ে নতুন প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চালু হচ্ছে নতুন প্রযুক্তির এনজিটিএস (নেক্সট জেনারেশন ট্রেডিং সিস্টেম) পদ্ধতি। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত অর্ডার প্রসেসিং পদ্ধতি, যা লন্ডন এক্সচেঞ্জে ব্যবহার হয়। এতে সেকেন্ডে দুই হাজার ২৫০টি অর্ডার এবং ৭৫০টি কনট্রাক্ট নেওয়া যাবে। পুরোনো পদ্ধতিতে মাত্র ৫০টি অর্ডার এবং চারটি কনট্রাক্ট নেওয়া যায়। নতুন এ সফটওয়্যার চালুর ফলে সিইএসইর কাজে আরও গতিশীলতা আসবে এবং বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। তাঁরা ঘরে বসেই পেয়ে যাবেন শেয়ার ব্যবসার যাবতীয় তথ্য। গতকাল রোববার দুপুরে নগরের আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে সিএসইর প্রেসিডেন্ট ফকরউদ্দীন আলী আহমদ বলেন, এনজিটিএস হচ্ছে একটি ওয়েবভিত্তিক পদ্ধতি। এতে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার ও মোবাইল ফোনের মাধ্যমেও শেয়ারের সব খবরাখবর পাওয়া যাবে। বর্তমানে স্টক এক্সচেঞ্জের এ নতুন সফটওয়্যারের উন্নয়নের কাজ চলছে। আগামী পাঁচ মাসের মধ্যে এ সফটওয়্যার চালু হবে বলে জানান সিএসইর প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএসইর সাবেক সভাপতি মির্জা সালমান ইস্পাহানী, নাসির উদ্দীন আহম্মেদ চৌধুরী, সহসভাপতি আল মারুফ খান, তারেক কামাল, পরিচালক এ এস এম শহীদুল্লাহ, বিজন চক্রবর্তী, আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, মইনুল ইসলাম মাহমুদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ মামুন। পরে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মিলেনিয়াম আইটি সফটওয়্যার ও পোলারাইজ সফটওয়্যার ল্যাব লিমিটেডের সঙ্গে সিএসইর একটি চুক্তি সই হয়। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস