চট্টগ্রামে আজ থেকে তথ্যপ্রযুক্তি মেলা
চট্টগ্রামে আজ শুরু হচ্ছে তিন দিনের তথ্যপ্রযুক্তি মেলা। নগরের মুরাদপুরের উডল্যান্ড পার্কে দুপুর ১২টায় মেলার উদ্বোধন করা হবে। ‘বাংলালায়ন চট্টগ্রাম ডিজিটাল এক্সপো ২০১০’ নামের এই মেলার আয়োজক ইনপেইস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড। মেলার পৃষ্ঠপোষক ওয়াইম্যাক্স সংযোগদাতা বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেড। সহপৃষ্ঠপোষক হিউলেট-প্যাকার্ড (এইচপি) ও ই-স্ক্যান অ্যান্টিভাইরাস।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন তথ্য জানান ইনপেইসের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল আহসান। সম্মেলনে জানানো হয়, মেলায় প্রযুক্তিভিত্তিক কুইজ প্রতিযোগিতা, পণ্যে ছাড়-উপহার, র্যাফল ড্র ইত্যাদি থাকছে। এতে বিনা মূল্যে গেম খেলা ও ইন্টারনেট ব্যবহারের সুযোগও থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টায় থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশমূল্য ১০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। মেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।—নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস