চট্টগ্রামে আজ থেকে ল্যাপটপ ও মুঠোফোন মেলা
বন্দর নগর চট্টগ্রামের জিইসি মোড়ের ইউনুস্কো সিটি সেন্টারের আইটি ফ্লোরে আজ থেকে শুরু হচ্ছে নয় দিনের ল্যাপটপ ও মুঠোফোন মেলা। ‘ক্যাসপারস্কি ল্যাপটপ অ্যান্ড মোবাইল ফেয়ার-২০১০’ শিরোনামে এ মেলার আয়োজন করেছে ইউনুস্কো সিটি সেন্টারের আইটি ফ্লোর ব্যবসায়ী সমিতি। গত বৃহস্পতিবার জিইসি মোড়ের রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ১৮টি কম্পিউটার, সাতটি মুঠোফোন ও চারটি সফটওয়্যার বিপণন প্রতিষ্ঠান অংশ নেবে। এতে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য বিশেষ ছাড়ে বিক্রি করা হবে। এ ছাড়া মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীদের হাতে যে লিফলেট দেওয়া হবে তাতেই কুইজ থাকছে। র্যাফল ড্রয়ের মাধ্যমে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে ল্যাপটপ, ডেক্সটপ, এলসিডি মনিটরসহ ১০০টি বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। মেলার পৃষ্ঠপোষক ক্যাসপারস্কি, লেনোভো, তোশিবা ও ফুজিৎসু। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস