
চট্টগ্রামে তিন দিনের ই-বাণিজ্য মেলা আজ শনিবার শেষ হচ্ছে। মেলা চলছে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়ামে।
গত বৃহস্পতিবার বিকেলে ‘ই-জগৎ ডটকম ই-বাণিজ্য মেলা’ নামের এ আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি মানুষকে বড় সুযোগ এনে দিয়েছে। তথ্যপ্রযুক্তি মানুষকে সমৃদ্ধ করছে। আগে কেনাকাটা করতে প্রচুর সময় ব্যয় হতো। তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও অগ্রগতির কারণে এখন ঘরে বসেই কেনাকাটা করা যায়।’ চট্টগ্রাম জেলা প্রশাসন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সহযোগিতায় চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করেছে মাসিক পত্রিকা কমপিউটার জগৎ।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ, ওয়ালেটমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির এবং কমপিউটার জগৎ ও ই-জগৎ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহেদ।
এবারের মেলায় ই-কমার্সভিত্তিক সাইট, ব্যাংক, ব্যবসায় প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ইন্টারনেটভিত্তিক খাবারের দোকানসহ প্রায় ৪০টি স্টল রয়েছে। মেলায় বিনা মূল্যে প্রবেশ করে কুইজে অংশে নিয়ে ট্যাব, স্মার্টফোনসহ বিভিন্ন উপহার জিতে নেওয়ার সুযোগ রয়েছে। আজ শেষ দিনেও মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে। সুজন ঘোষ