চট্টগ্রামে উইকিপিডিয়ার সেমিনার
বিশ্বের সবচেয়ে বড় বাংলা অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে একটি কর্মশালা গতকাল চট্টগ্রামের আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলা উইকিপিডিয়ার চট্টগ্রামের গুরুত্ব কীভাবে সম্পাদনা করতে হয় সেসব বিষয়ে আলোচনা হয়।ছবি যোগ করার পদ্ধতি নিয়ে মূল প্রবন্ধ পড়েন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর নগর সম্পাদক এম নাসিরুল হক, আইইউবি সমন্বয়ক এম নূরুজ্জামান এবং সানসাইন স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান।সেমিনারে বক্তারা সমৃদ্ধ চট্টগ্রামকে উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান জানান। সেমিনারে মো. নুরুল আজম চট্টগ্রামসহ বাংলাদেশের অনেকগুলো ছবি উইকিপিডিয়ায় সংযোজনের জন্য প্রধান অতিথির কাছে হস্তান্তর করেন। —প্রতিবেদক