চট্টগ্রামে কিউবির ওয়াইম্যাক্স ইন্টারনেট
বন্দরনগর চট্টগ্রামে তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান কিউবি পুরোদমে তাদের কার্যক্রম শুরু করেছে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন কিউবির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) নেহাল আহমেদ, চট্টগ্রাম কার্যক্রমের প্রধান বিপ্লব ব্যানার্জি ও প্রধান বিক্রয় ও বিতরণ (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন) কর্মকর্তা ফিরোজ আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আট মাস আগে কিউবি চট্টগ্রামে সীমিত পরিসরে তাদের কার্যক্রম শুরু করে। পরবর্তী সময়ে নগরবাসীর ইতিবাচক সাড়া পেয়ে পুরোমাত্রায় সেবাকার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে প্রি-পেইড এবং পোস্ট-পেইড দুই ধরনের সংযোগ রয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে আরও কিছু নতুন সুবিধা চালু করা হবে চট্টগ্রামের গ্রাহকদের জন্য। কিউবি প্রাথমিক পর্যায়ে শহর এলাকায় সংযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে। পর্যায়ক্রমে এই সেবাকার্যক্রম প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। এতে আরও বলা হয়, কিউবি-ই এ দেশে প্রথমবারের মতো চতুর্থ প্রজন্মের (ফোর জি) ইন্টারনেট সেবা চালু করেছে এবং মাসে ৫০০ টাকায় ৫১২ কেপিপিএস ইন্টারনেট সেবা চালু করে। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস