চট্টগ্রামে চলছে কম্পিউটার ও মোবাইল ফোন মেলা
বন্দরনগর চট্টগ্রামে চলছে ‘ইউনুসকো কম্পিউটার ও মোবাইল মেলা’। গতকাল শনিবার মেলার দ্বিতীয় দিনটিও ছিল জমজমাট। সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লেগে ছিল। কথা হয় আফরোজা নাজনীনের সঙ্গে। তিনি চট্টগ্রাম সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রী। বললেন, ‘মার্কেটের ভেতরে হলেও বেশ খোলামেলা পরিবেশে মেলার আয়োজন ভালোই লাগছে। আমি মেলা থেকে দুটি সফটওয়্যার কিনেছি।’ ব্যাংক কর্মকর্তা মাহমুদ ফিরোজ এসেছেন ল্যাপটপ কম্পিউটার কিনতে। জানালেন, ‘শুক্রবার মেলা ঘুরে গেছি। আজ কিনতে এসেছি।’ নগরের জিইসি মোড়ের ইউনুসকো সিটি সেন্টারের পঞ্চম তলায় এ মেলার আয়োজন করেছে সেন্টারের কম্পিউটার ও মোবাইল ব্যবসায়ী সমিতি। এর পৃষ্ঠপোষক কম্পিউটার সোর্স লিমিটেড। শুক্রবার বিকেলে ছয় দিনের এ মেলার উদ্বোধন করা হয়। কম্পিউটার সোর্স লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা এস এম আউয়াল পাশা বলেন, ‘আমরা চেয়েছি মেলার মাধ্যমে মার্কেটের ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে। এখন বলা যায়, সেই উদ্যোগ সফল হয়েছে।’ মেলা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল মতিনও বললেন একই কথা। জানালেন, ‘মেলার দ্বিতীয় দিনেও লোকজন আসছেন। আর শুধু দেখতে আসছেন না, সবাই কিছু না কিছু কিনছেন। অন্যান্য পণ্যের পাশাপাশি ল্যাপটপ বেশি বিক্রি হচ্ছে।’ মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় ও উপহার ইত্যাদি দেওয়া হচ্ছে। মেলা চলবে ১১ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। —নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম অফিস