চট্টগ্রামে জমজমাট ল্যাপটপ মেলা
বন্দর নগর চট্টগ্রামের জিইসি মোড়ের ইউনুস্কো সিটি সেন্টারের আইটি ফ্লোরে ল্যাপটপ ও মুঠোফোন মেলার দ্বিতীয় দিনটি ছিল জমজমাট। গতকাল রোববার সকালে মেলার প্রাঙ্গণে গিয়ে কথা হয়, নাজমা আক্তার নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে। তিনি এসেছেন ল্যাপটপ কিনেতে। আবদুস সবুর নামে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাও জানালেন, তাঁর মেলায় আসার মূল কারণ ল্যাপটপ কেনা। মেলায় ল্যাপটপের চাহিদাই বেশি বলে জানান, জননী কম্পিউটারের স্বত্বাধিকারী আবদুল মতিন। মেলা উপলক্ষে বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান বিশেষ ছাড় এবং উপহার দিচ্ছে। রেনেসাঁ টেকনোলজিস ক্যাসপারিস্কি অ্যান্টিভাইরাস বিক্রি করছে ১০ শতাংশ ছাড়ে। ই-জোনে সনি ডিজিটাল ক্যামেরায় ১০ শতাংশ এবং বিভিন্ন ব্রান্ডের মুঠোফোনে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে। রাঙ্গুনিয়া কম্পিটারসের মনসুর চৌধুরী জানান, প্রতিটি ল্যাপটপের সঙ্গে একটি দুই গিগাবাইটের পেনড্রাইভ দেওয়া হচ্ছে বিনামূল্যে। এ ছাড়া কম্পিউনিক্স, আদুরী ইন্টারসেল প্রভৃতি প্রতিষ্ঠান ল্যাপটপ, ডেক্সটপ ও মুঠোফোনে বিভিন্ন ছাড় দিচ্ছে। চট্টগ্রামে প্রথমবারের মতো অ্যাপলের পণ্যসামগ্রী নিয়ে এসেছে ম্যাক সিস্টেম সলুশান। গত শনিবার বিকেলে ‘ক্যাসপারস্কি ল্যাপটপ অ্যান্ড মোবাইল ফেয়ার-২০১০’ শিরোনামে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। আবদুল মতিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যাসপারস্কির বাজারজাতকারী প্রতিষ্ঠান অফিস এক্সট্রাক্টসের নির্বাহী পরিচালক বি এন অধিকারী, ইউনুস্কো গ্রুপের চেয়ারম্যান ইউনুছ আহম্মদ ও খান জাহান আলী কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমেদ। মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা বিজয়ের ৪০ বছরপূর্তি উদ্যাপন করতে যাচ্ছি। এ দীর্ঘ সময়ে প্রযুক্তি ক্ষেত্রেও আমরা অনেক সফলতা লাভ করেছি। যাকে খাটো করে দেখার উপায় নেই। বর্তমানে পৃথিবীর ৩৭টি দেশে ৩৫ মিলিয়ন ডলারের সফটওয়্যার রপ্তানি হচ্ছে আমাদের দেশ থেকে। সৃজনশীলতা, মেধার মূল্যায়ন ও বিকাশ ঘটলে এ ক্ষেত্রে আমরা আরও এগিয়ে যেতে পারব।’ নয় দিনব্যাপী ল্যাপটপ ও মুঠোফোন মেলা শেষ হবে ১২ ডিসেম্বর। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ৩২টি প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম