চট্টগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলায় আগ্রহীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মিলনায়তনে ডিজিটাল উদ্ভাবনী মেলায় গত দুই দিনে বিভিন্ন বিষয়ে আগ্রহী লোকজনের ভিড় দেখা গেছে। এর মধ্যে ছিলেন বিভিন্ন বয়সের শিক্ষার্থী, পেশাজীবী ও ব্যবসায়ীরা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ সোলেমান কৃষিতথ্য সার্ভিসের স্টলে দাঁড়িয়ে আগ্রহভরে পড়ছিলেন বিভিন্ন প্রচারপত্র। বললেন, ‘আমার সত্যিই ভালো লাগছে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে আমাদের চাষিরাও এগিয়ে যাচ্ছে জেনে।’ বিষয়টি আরও একটু স্পষ্ট করে তুলে ধরেন চকরিয়া কৃষিপ্রযুক্তি ক্লাব পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাকিম। তিনি এখন কম্পিউটার চালাতে পারেন। ওয়েবক্যামের মাধ্যমে ফসলের পোকামাকড়, ক্ষয়ক্ষতির ছবি তুলে ধরে কৃষি বিভাগের আঞ্চলিক কেন্দ্রের বিশেষজ্ঞ কৃষিবিদের পরামর্শমতো তিনি বালাই দমন করেন। তাঁর মতো ওই এলাকার অনেক চাষিই এভাবে তাঁদের সমস্যার সমাধান করছেন বলে জানা গেছে।চট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের স্টলে পাঠ্যবইভিত্তিক ভিডিও ক্লিপিং দেখানো হচ্ছিল। প্রতিষ্ঠানের শিক্ষক শামসুদ্দিনের বলেন, ‘পাঠ্যবিষয় আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে মাল্টিমিডিয়া প্রজেকশন ও ভিডিওচিত্রের মাধ্যমে এগুলো তুলে ধরছি।’ ব্রিটিশ কাউন্সিলের রিসোর্স সেন্টারের কর্মকর্তা এলিজা ফেরদৌস বলেন, আমরা ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি এখানে শিশুদের অনলাইন ইংরেজি শেখার বিষয়টি প্রাধান্য দিচ্ছি। আমাদের এ সেবাকার্যক্রম ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রেও পাওয়া যাচ্ছে।’ যানবাহন শণাক্ত করার (ভেহিকেল ট্র্যাকিং) সেবা নিয়ে মেলায় এসেছে গ্রামীণফোন। রয়েছে সিটিসেল, বাংলালিংক, রবির স্টলও। ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবার আদ্যোপান্ত তুলে ধরা হচ্ছে স্বাস্থ্যবিভাগের স্টলে। সরকারি সিটি কলেজ, লোহাগাড়া মোস্তফা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ের স্টলে অনলাইনে ভর্তির ফলাফল-প্রক্রিয়া দেখানো হচ্ছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) স্টলে বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়াও মেলায় জেলা প্রশাসকের কার্যালয়, সিটি করপোরেশন, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম ওয়াসা, কাস্টম হাউস, কর অঞ্চল, রেলওয়ে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শিক্ষা বোর্ড, আইএসপি অ্যাসোসিয়েশন, বিটিসিএলসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টলে বিভিন্ন সেবাকার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এ টু আই) প্রকল্প এ মেলার আয়োজন করেছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনকে সবার সামনে তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়। মেলা সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। আজ তিন দিনের এ মেলা শেষ হবে।—নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস।