চট্টগ্রামে ডিজিটাল উদ্যোক্তা মেলা শুরু
‘দিনের আলো ফুরিয়ে গেলে অন্ধকার নেমে এলে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে বাতি। পরে দরকার মতো আপনি বাতি নেভাতে পারবেন। বিদ্যুৎসাশ্রয়ী এ প্রকল্পের নাম ডিজিটাল এনার্জি সেভার। ডিজিটাল উদ্যোক্তা মেলায় এ ধরনের একটি প্রকল্পের তথ্য তুলে ধরেন মাহমুদা জাহাঙ্গীর। প্রকল্পটি শিল্পকারখানা ও বাসাবাড়িতে কাজে লাগানো যাবে বলে জানান। ‘ডিজিটাল আইটি ম্যানেজারের উদ্ভাবক মোরশেদ সৌরভ জানালেন, ‘আমরা এমন একটি সফটওয়্যার তৈরি করেছি, যাতে যেকোনো শিক্ষার্থী শুধু তার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রমিক নম্বর বসালেই যাবতীয় তথ্য পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবে।’ চট্টগ্রামের মেহেদীবাগের সাদার্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ‘স্যামসাং ডিজিটাল এন্টারপ্রেনার্স ফেয়ার’ নামের দুই দিনের এই আয়োজন। এর আয়োজক বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিপিডিসি)। সিপিডিসির সমন্বয়কারী ফাহিমুল মাওলা বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে উজ্জীবিত করা এবং তাদের কাজের স্বীকৃতি ও বিপণনের ক্ষেত্র তৈরি করা এ মেলার মূল লক্ষ্য।’ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন এ মেলায়। এতে ডোমেস্টিক ইনশিয়াল অ্যারিস্টোক্র্যাট ইলেকট্রিক্যাল ফ্যাসিলিটি (ডিআইইএফ), আওয়ার প্রোডাক্টস, সিক্স সেনস, ই-লার্নিং, সুপার সার্ক, ডিজিটাল এডুকেয়ার ইত্যাদি প্রকল্প দেখাচ্ছেন তাঁরা। মেলায় স্যামসাংয়ের কয়েকটি প্রযুক্তিপণ্য রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। এ প্রসঙ্গে স্যামসাংয়ের প্রতিনিধি রাকেশ ভৌমিক বলেন, ‘এ মেলায় প্রথমবারের মতো আমাদের নতুন পণ্য সৌরশক্তিচালিত ‘স্যামসাং সোলার নেটবুক কম্পিউটার দেখাচ্ছি। এ ছাড়া বিভিন্ন মডেলের আরও তিনটি নোটবুক রয়েছে। এ ছাড়া এখানে প্রদর্শনের জন্য রয়েছে লেজার প্রিন্টার ও মাল্টিফাংশনাল ফ্যাক্স মেশিন।’ মেলায় স্যামসাংয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ মেলার শেষ দিনের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। মেলা চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। — নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস