চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ‘আইটি ফেস্টিভ্যাল ২০১১’ শিরোনামে ১০ দিনের তথ্যপ্রযুক্তি উৎসব শুরু হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কম্পিউটার ক্লাব এ উৎসবের আয়োজন করেছে। গতকাল বুধবার সকালে নগরের সাফা আর্কেডে উৎসব উদ্বোধন করেন আইআইইউসির উপাচার্য মো. মাহবুব উল্লাহ। এ সময় তিনি বলেন, ‘অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর হয়ে পড়ায় এখন অনেকেই জীবন-জগত, মানবিকতা, দর্শন, সাহিত্য থেকে দূরে সরে গেছেন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবু বকর রফিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মনিরুল মাওলা, কম্পিউটার ক্লাবের সহসভাপতি ফারহানা হায়দার প্রমুখ। কম্পিউটার ক্লাব অষ্টমবারের মতো এই আয়োজন করেছে। আজ চকবাজারের আইআইইউসি ক্যাম্পাসে হার্ডওয়্যার ডিজাইন ও আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস