চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি মেলা শুরু
চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনের তথ্যপ্রযুক্তি মেলা। স্থানীয় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে গতকাল রোববার থেকে এ মেলা শুরু হয়েচে। সকালে ‘পোর্ট সিটি আইটি ফেয়ার’ নামে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন, মেলায় মিডিয়া অংশীদার মাসিক কমপিউটার বিচিত্রার নির্বাহী সম্পাদক ভূঁইয়া ইনাম লেনিন, আয়োজক ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেনসহ অনেকে।উদ্বোধনী দিন গতকাল সকালে মেলায় শিক্ষার্থীদের আনাগোনা ছিল বেশি। আর বিকেলে দর্শকদের ভিড় বাড়তে থাকে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভীন আখতার জানান, ‘আমি মেলায় এসেছি ল্যাপটপ কম্পিউটার দেখতে এবং দাম যাচাই করতে।একটু ভেবেচিন্তে পরে কিনব।’ ডেস্কটপ কম্পিউটার কিনতে এসেছিলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সাঈদ আমান। তাঁর মতে, মেলায় যাচাই-বাছাইয়ের সুযোগ বেশিবলেই আসা।’ কম্পিউটার সোর্স লিমিটেডের ব্যবসায় ব্যবস্থাপক (বিপণন) রেজওয়ান মোরশেদ খান বলেছেন, কম্পিউটার সোর্সের প্যাভিলিয়নে ডেল, অ্যাপল, ফুজিত্সু, এইচপির ল্যাপটপ কম্পিউটার রয়েছে। এছাড়াও আছেনিজস্ব সিএসএম ব্র্যান্ডের ডেস্কটপ কম্পিউটার। ইনডেক্স আইটি লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী মো. সাইফুল ইসলাম খান জানিয়েছেন, তাঁরা ১৮ হাজার ২৯০ থেকে ৪০ হাজার ৯৯০ টাকা দামের ডেস্কটপ কম্পিউটার রেখেছেন মেলায়। এ ছাড়া রয়েছে ল্যাপটপ কম্পিউটার, নেটবুক, প্রজেক্টর, ডিজিটাল ফটোফ্রেম, ডিজিটাল কেসিং ইত্যাদি। সিটিসেল মেলায় তাদের মুঠোফোন সেটসহ ‘জুম আলট্রা’ নামে নতুন একটি মুঠোফোন মডেম নিয়ে এসেছে।সিটিসেলের জ্যেষ্ঠ নির্বাহী হোসাইন মারুফ জানান, ‘২০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এ প্যাকেজটি চালু হবে। এখন এটি বিক্রি করা হচ্ছে না। এখন আগ্রহী ক্রেতারা তাঁদের নাম-ঠিকানা লিখে যাবেন। আমরা পরে যোগাযোগ করব।’ মেলায় এইচপি-কমপ্যাক, বেনকিউ, সনি, এসার, ডেল, লেনোভা, ফিলিপস, হিটাচি, তোশিবা, স্যামসাং প্রভৃতি ব্র্যান্ডের পণ্য নিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। মেলায় তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রকাশনার একমাত্র স্টল কমপিউটার বিচিত্রা। এখানে কমপিউটার বিচিত্রার পুরোনো সংখ্যা প্রতিটি ১০ টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি ৩০০ টাকার পরিবর্তে ২০০ টাকায় গ্রাহক হওয়ার সুযোগ থাকছে। মেলায় প্রতিদিনই থাকছে তথ্যপ্রযুক্তির সেমিনার, কুইজ প্রতিযোগিতা, প্রবেশ টিকিটের ওপর র্যাফেল ড্র ইত্যাদি।মেলার দ্বিতীয় দিনে আজ রয়েছে ফ্যাশন প্রদর্শনীসহ নানা আয়োজন। —নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম অফিস