চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি মেলা শুরু
বন্দরনগর চট্টগ্রামে শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি মেলা। গতকাল মঙ্গলবার সকালে নগরের মুরাদপুরের উডল্যান্ড পার্কে ‘জুম চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০১০’ নামের তিন দিনের এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ সময় তিনি চট্টগ্রামে তথ্যপ্রযুক্তির বিকাশে ভবিষ্যতে মাসব্যাপী মেলা আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার চট্টগ্রামকে শ্রেষ্ঠ তথ্যপ্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, মেলার আয়োজক ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল আহসান, পৃষ্ঠপোষক সিটিসেলের উপমহাব্যবস্থাপক (কনজ্যুমার বিজনেস) মোহাম্মদ ফাহিমসহ অনেকে বক্তব্য দেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই মেলায় দর্শকেরা আসতে শুরু করে। প্রথম দিন বেশির ভাগ দর্শকই প্রযুক্তি পণ্য দেখাদেখির কাজটা করেছে। অনেকেই বাকি দুই দিন হাতে রেখেছে কেনাকাটার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাঈদা আক্তার ও আফরোজা নাজনীন বলেছেন, ‘আমরা ল্যাপটপ কম্পিউটার কিনতে এসেছি। মেলা ঘুরে মনে হলো দামও হাতের নাগালে।’ সিটিসেলের উপব্যবস্থাপক মোহাম্মদ রহমতউল্লাহ জানান, মেলায় জুম আলট্রা ইন্টারনেট সংযোগ সাড়ে চার হাজারের পরিবর্তে চার হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া অন্যান্য সংযোগের সঙ্গে ৫০০ টাকার টকটাইম, ৫০০টি এসএমএস, এক বছরের লাইসেন্সসহ ইন্টারনেট সিকিউরিটি সিডি দেওয়া হচ্ছে বিনা মূল্যে। মেলায় সব প্রতিষ্ঠানই বিভিন্ন পণ্যে নানা ধরনের ছাড় দিচ্ছে। কম্পিউটার সোর্স প্রিন্টারের সঙ্গে জ্যাকেট এবং ডেল ল্যাপটপের সঙ্গে অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিচ্ছে বিনা মূল্যে। রিশিত কম্পিউটার্স ২৩ হাজার টাকায় ল্যাপটপ বিক্রি করছে। এর সঙ্গে উপহার হিসেবে আছে মোবাইল ফোনসেট ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার। রিশিতে ডেস্কটপ কম্পিউটার পাওয়া যাচ্ছে ১৩ হাজার ২৫০ টাকায়। তিন বছরের ওয়ারেন্টিসহ সনি সাইবার শর্ট ডিজিটাল ক্যামেরা বিক্রি হচ্ছে ১১ হাজার ২৯০ টাকায়। তোশিবা ব্র্যান্ডের ল্যাপটপ বিক্রি করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ৫ শতাংশ ছাড়সহ মেলায় মুঠোফোন, টি-শার্ট, কলম উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ মেলা শেষ হবে কাল বৃহস্পতিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকছে। মেলায় প্রবেশ টিকিটের দাম ১০ টাকা। —নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম