চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি মেলা শুরু
বন্দর নগর চট্টগ্রামের উডল্যান্ড পার্কে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনের তথ্যপ্রযুক্তি মেলা। ‘বাংলালায়ন চট্টগ্রাম ডিজিটাল এক্সপো ২০১০’ শিরোনামে মেলার আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইনপেইস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড।গতকাল দুপুরে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল আহসান।মেলার প্রথম দিনে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে। এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি ছিল। স্কুলের শিক্ষার্থী আরিফ সারোয়ার জানায়, ‘আমরা কয়েক বন্ধু মিলে এসেছি ইন্টারনেট ব্রাউজ করতে।’ ব্যাংক কর্মকর্তা আক্তার হোসেন জানালেন, মেলায় নতুন প্রযুক্তিপণ্য ও সফটওয়্যারের খোঁজে এসেছেন তিনি।মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রযুক্তিভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও বিশেষ র্যাফল ড্রয়ের ব্যবস্থা রেখেছে। থাকছে উপহার এবং বিশেষ মূল্যছাড়। এর বাইরে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে তার বিহীন ইন্টারনেট ব্যবহারসহ গেমিং এবং ইন্টারনেট ব্রাউজিং জোন রয়েছে।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। প্রবেশমূল্য ১০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে প্রবেশের সুযোগ রয়েছে।মেলা উপলক্ষে গতকাল সন্ধ্যায় নগরের হোটেল অ্যাম্ব্রোসিয়ায় ‘ডিজিটাল বাংলাদেশ ও চট্টগ্রাম’ বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ পড়েন মোস্তাফা জব্বার।তিন দিনের এ মেলা শেষ হবে ২৪ ডিসেম্বর। মেলায় ৩০টিরও বেশি প্রযুক্তিপণ্য বিপণন ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার পৃষ্ঠপোষক ওয়াইম্যাক্স সংযোগদাতা বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেড।-নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস