চট্টগ্রামে দুই দিনের আউটসোর্সিং সম্মেলন
‘সবার জন্য ইন্টারনেটে কর্মসংস্থান’ স্লোগানে চট্টগ্রামে ২২ জুন শুরু হচ্ছে দুই দিনের আউটসোর্সিং সম্মেলন। এর আয়োজন করেছে ইউনিটেক আউটসোর্সিং টেকনোলজি। ‘আউটসোর্সিং সামিট’ নামে চট্টগ্রামের মুরাদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে থাকবে ইন্টারনেটে আয়ের কৌশল, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং বিষয়ে সেমিনার। সেমিনারে থাকবে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের সম্ভাবনা ও ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, ওডেস্ক, ডেটা অ্যান্ট্রি, এসইও, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে আলোচনা। এতে আউটসোর্সিংয়ের বিভিন্ন বিষয়ের ওপর বই, ই-বুক, সিডি-ডিভিডি পাওয়া যাবে। আউটসোর্সিং টেকনোলজির প্রধান নির্বাহী বিদ্যুৎ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আউটসোর্সিং বিষয়ে ভীতি দূর করা ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য এ কর্মশালার আয়োজন করেছি।’ সেমিনার শুরু হবে প্রতিদিন সকাল ১০টায়। সম্মেলনে তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব ও সফল ফ্রিল্যান্সারদের সংবর্ধনা দেওয়া হবে। বিস্তারিত জানা যাবে www.uniotec.com ঠিকানায়। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস