চট্টগ্রামে নারীদের নিয়ে টেক ফেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ওমেন মজিলা টেক ফেস্ট’
‘ওমেন মজিলা টেক ফেস্ট’

বন্দরনগরী চট্টগ্রামে হয়ে গেল তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ আয়োজন। মজিলা বাংলাদেশ, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও চট্টগ্রামের ফায়ারফক্স ক্লাবগুলোর উদ্যোগে ২৩ মে শুক্রবার ‘উইমেন মজিলা টেক ফেস্ট’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এ আয়োজনে সারাদেশের ১৮টি জেলার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মজিলা ফাউন্ডেশনের নারীদের নিয়ে পরিচালিত বিশেষ কার্যক্রম ‘উইমেন মজিলা (ওমোজ)’ আন্তর্জাতিক ভাবে নানা ধরনের প্রযুক্তিবিষয়ক আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে মজিলা বাংলাদেশের ওমোজ কার্যক্রমে যুক্ত এবং শুধুমাত্র নারীদের জন্য বিশেষ এ আয়োজন করা হয়।

পুরো আয়োজনে শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে বক্তব্য দেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রক্টর রশীদ আহমেদ চৌধুরী, আন্তজাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক মো. আরিফ হাসনাইন ও মো. মাহমুদুর রহমান, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক নয়ন দেবনাথসহ আরও অনেকে।


মজিলা বাংলাদেশের কমিউনিটি লিড মাহে আলম খান মজিলার কার্যক্রমের নানা বিষয় তুলে ধরেন। তিনি তার বক্তব্যে ওপেন সোর্স, মজিলা, মজিলা বাংলাদেশ ও মজিলার বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি নারীদের প্রযুক্তির নানা বিষয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ওমোজের ভূমিকা নিয়েও আলোচনা করেন।

দিনব্যাপী আয়োজনে ছিল ডেমো বুথ ও ফটো বুথ। ডেমো বুথে মজিলার ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত মোবাইল ফোন প্রদর্শিত হয় , ফটোবুথে ছিল মজিলার আরেকটি প্রযুক্তি ওয়েব আরটিসি ব্যবহার করে কীভাবে তাত্ক্ষণিক ছবি তোলা যায় তার প্রদর্শন। এছাড়াও ছিল মজিলার ওয়েব মেকার, ফায়ারফক্স ওএস অ্যাপ ডেভেলপমেন্ট কর্মশালা ইত্যাদি। ওয়েব মেকার পর্বে শিক্ষার্থীদের ওয়েবের বিভিন্ন প্রাথমিক বিষয়ে ধারণা দেওয়া হয় ওয়েবমেকার টুল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুরো আয়োজনগুলো পরিচালনা করেন মজিলা বাংলাদেশের প্রতিনিধি রাহিদ হাসান, মালিহা মমতাজ ইসলামসহ অনেকে।