চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগের পিটিআই ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর গত শুক্রবার বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার এবং প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন এসব প্রযুক্তি যন্ত্রপাতি বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ‘আমরা চট্টগ্রাম বিভাগের ১০৫টি সরকারি মডেল বিদ্যালয়ের মধ্যে ১০১টির জন্য একটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর দিচ্ছি। বাকি চারটি বিদ্যালয়ে বিদ্যুৎসংযোগ না থাকায় আপাতত দেওয়া যাচ্ছে না। চট্টগ্রাম বিভাগের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হলো। পরে সারা দেশে তথ্যপ্রযুক্তিসামগ্রী বিতরণ করা হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ। অনুষ্ঠানে বক্তৃতা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ সালাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সমর কান্তি ঘোষ, পরিচালক (প্রশাসন) আবদুর রউফ চৌধুরী, বেগমগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) প্রশিক্ষক রেজিনা আকতার প্রমুখ। উপস্থাপনা করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হূষীকেশ শীল।অনুষ্ঠানের পর শতভাগ ভর্তি, ঝরেপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা নিয়ে একটি কর্মশালায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি ও প্রধান শিক্ষকেরা তাঁদের পরামর্শ তুলে ধরেন। উল্লেখ্য, ইউআরসির মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কম্পিউটার ও মাল্টিমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তাঁরা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস