চট্টগ্রামে ফায়ার সার্ভিসের তথ্য এখনো সংরক্ষিত হচ্ছে হাতেকলমে
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় সদর দপ্তরের অধীন ১১টি জেলা এবং নগরের আটটি ফায়ার সার্ভিস স্টেশনের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দুর্ঘটনা, ক্ষয়ক্ষতির পরিসংখ্যান, প্রশিক্ষণ কার্যক্রমের তথ্য এখনো সংরক্ষণ করা হচ্ছে হাতেকলমে। বিভাগীয় সদর দপ্তরে দুটি কম্পিউটার থাকলেও সেগুলো শুধু দাপ্তরিক কাজে ব্যবহূত হয়।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নগরের আগ্রাবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ে কমপক্ষে নয়টি কম্পিউটারের প্রয়োজন। এর মধ্যে দুজন উপসহকারী পরিচালক, একজন সহকারী পরিচালক ও একজন উপপরিচালকের কার্যালয়ের জন্য চারটি কম্পিউটার এবং একই স্থানে গড়ে ওঠা ওয়্যার হাউস (রাজস্ব আদায় কার্যালয়), বিভাগীয় কারিগরি কারখানা, বিভাগীয় স্টোর ও বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ ও মিডিয়া সেলের কার্যালয়ের জন্যও আলাদা করে পাঁচটি কম্পিউটারের দরকার।অন্যদিকে, নগরের আটটি ফায়ার স্টেশনে জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তার দপ্তরের জন্য একটি করে মোট আটটি কম্পিউটারের প্রয়োজন রয়েছে। অথচ এর কোনোটিতেই কম্পিউটার নেই। এগুলো হচ্ছে: আগ্রাবাদ ফায়ার স্টেশন, ইপিজেড ফায়ার স্টেশন, ডক ফায়ার স্টেশন, লামার বাজার ফায়ার স্টেশন, নন্দনকানন ফায়ার স্টেশন, চন্দনপুরা ফায়ার স্টেশন, বায়েজিদ ফায়ার স্টেশন ও কালুরঘাট ফায়ার স্টেশন।এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মো. জসিম উদ্দীন বলেন, ‘আমাদের বিভাগীয় সদর দপ্তরসহ আটটি ফায়ার স্টেশনে এখনো হাতেকলমে তথ্য সংরক্ষণ করতে হচ্ছে। বিভাগীয় সদর দপ্তরে দুটি কম্পিউটার থাকলেও সেগুলোতে কেবল দাপ্তরিক কাজ সামলাতেই হিমশিম খেতে হয়। অন্য কোনো কাজ করা যায় না। ফলে আগুনে ক্ষয়ক্ষতিসহ বিভিন্ন দুর্ঘটনার তথ্য সংরক্ষণ, প্রশিক্ষণ কার্যক্রম, মিডিয়াসেলের জন্য তথ্য-উপাত্ত সংরক্ষণে দুর্ভোগ পোহাতে হয়।’ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমরা এ ব্যাপারে বিভাগীয় পর্যায়ে এসব কম্পিউটারের চাহিদার কথা লিখিতভাবে জানিয়েছি। শিগগিরই এসব কম্পিউটার আমরা পেয়ে যাব।’—নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম