চট্টগ্রামে বসেছে উদ্যোক্তা হাট

আজ চট্টগ্রামে বসেছে উদ্যোক্তা হাট। চলবে তিন দিন। চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন ইনডোর জিমনেশিয়ামে অনুষ্ঠিত হচ্ছে উদ্যোক্তাদের এই বিশেষ আয়োজন। এ উত্সবের আয়োজক ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ (www.facebook.com/uddokta) এর চট্টগ্রাম চ্যাপ্টার। সহযোগিতা করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো হচ্ছে উদ্যোক্তাদের এই উত্সব। তিন দিনের এ উত্সব সম্পর্কে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, উত্সবে ৩৫টি স্টলে সর্বমোট ৩৫ জন উদ্যোক্তা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছেন। পাশাপাশি প্রতিদিন ৩ টি সেশনে উদ্যোক্তাদের জন্য সহায়ক বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়েছে।
উত্সবের অংশ হিসেবে রয়েছে ফ্রিল্যান্সিং বিষয়ক দুটি ও মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট বিষয়ক একটি কর্মশালা। উদ্যোক্তাদের নিয়ে থাকছে নেটওয়ার্কিং সেশনও।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হওয়ায় উত্সবে ক্রেতা-দর্শক সমাগম ভালোই হবে। উদ্যোক্তারা বাড়তি প্রচারণা ও পণ্য বিক্রির সুযোগ পাবেন।
এবারের উত্সব উপলক্ষে শহরজুড়ে প্রচারণার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অনলাইন প্রচারণাও চলছে। উদ্যোক্তা উত্সব সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.uddoktautsob.com