চট্টগ্রামে বিসিএসের ডিজিটাল মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগর চট্টগ্রামে শুরু হয়েছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম’ নামের প্রযুক্তি মেলা। পাঁচ দিনের এ মেলা চলবে এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মিলনায়তনে। এর আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) চট্টগ্রাম শাখা। এই মেলার স্লোগান হলো ‘সর্বক্ষেত্রে প্রযুক্তি: দেশ ও দশের উন্নতি’। গতকাল বিকেলে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম। এ সময় তিনি বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে চট্টগ্রাম অনেক এগিয়ে গেছে। নগরে কম্পিউটার মেলার আয়োজন ভবিষ্যতে যাতে আরও বড় পরিসরে হয়, সে ব্যাপারে যথাযথ সহযোগিতা করা হবে।’ তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তিবিদ ও ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আশুলিয়া ও চট্টগ্রামের বহদ্দারহাট দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোহাম্মদ ফয়েজউল্যাহ্ খান, পরিচালক মোস্তাফা জব্বার, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এবং মেলার পৃষ্ঠপোষক কম্পিউটার সোর্সের পরিচালক মোকলেছুর রহমান। বক্তৃতা করেন মেলার কেন্দ্রীয় সমন্বয়কারী মো. মইনুল ইসলাম, মেলার আহ্বায়ক মুহম্মদ কামরুল হাসান সিদ্দিকীসহ অনেকে। সভাপতিত্ব করেন বিসিএস চট্টগ্রাম শাখার সভাপতি শাখাওয়াত হোসেন।মেলায় কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট ইত্যাদির পণ্য ও সেবা দেখানো হচ্ছে। মেলায় তথ্যপ্রযুক্তির ২৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রায় ২০ হাজার বর্গফুট জায়গায় ৫০টি স্টল এবং ছয়টি প্যাভেলিয়নে প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলার প্রবেশমূল্য ১০ টাকা। তবে স্কুলশিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। গতকাল রাত আটটা পর্যন্ত মেলা খোলা ছিল। আজ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রতিদিন সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এই মেলার প্লাটিনাম পৃষ্ঠপোষক কম্পিউটার সোর্স লি.। গোল্ড পৃষ্ঠপোষক আসুস, স্যামসাং, এসার ও কম্পিউটার সলিউশন্স ইঙ্ক। —নিজাম সিদ্দিকী