চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ল্যাবে প্রশিক্ষণ কর্মশালা ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের কারণে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকা ও বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার কারণে এ সমস্যা হচ্ছে বলে জানা গেছে। এ ল্যাবে মাধ্যমিক স্কুলের শিক্ষকদের ২১ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ চলছে।বিদ্যুৎ-সংকট মোকাবিলায় বিকল্প সংযোগের (ডবল লাইন) জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হলেও এর কোনো সুরাহা হয়নি। গত শনিবার দুপুরে মুসলিম হাইস্কুলের ল্যাবে গিয়ে দেখা যায়, ছোট একটি কক্ষে ল্যাবের কাজ চলছে। বিসিসির প্রশিক্ষক সহকারী প্রোগ্রামার শারমীন সায়মা জানান, বিসিসির মানব উন্নয়ন বিভাগের (এইচআরডি) পরিচালনায় আইসিটির ওপর ২১ দিনের প্রশিক্ষণ চলছে। এতে চট্টগ্রামের তিনটি উপজেলার মাধ্যমিক স্কুলের ১৫ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে বিসিসির সহযোগিতায় সরকারি মুসলিম হাইস্কুলের ল্যাবটি চালু করা হয়। চট্টগ্রাম জেলায় বিসিসির দুটি ল্যাবের মধ্যে অপরটি রয়েছে চট্টগ্রাম সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজে। বিসিসির এসব ল্যাবে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের উদ্যোক্তা ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ পাথরঘাটা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ আইনে ডাবল লাইনের কোনো বিধান নেই। তার পরও এ ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্রের কথা বিশেষ বিবেচনা করে দেখেছি আমরা। কিন্তু মুসলিম হাইস্কুল ল্যাবের এক কিলোমিটার এলাকার মধ্যে ডবল লাইনের কোনো সুযোগ নেই।’—নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস