চট্টগ্রামে বোর্ডে সেরা ডা. খাস্তগীর উচ্চবিদ্যালয়
চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ বেড়েছে প্রায় চার গুণ। বেড়েছে পাসের হারও। আর বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে তৃতীয়বারের মতো প্রথম হয়েছে চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। আজ রোববার সকালে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।
ফলাফল প্রসঙ্গে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘বিগত বছরের ধারাবাহিকতায় চট্টগ্রাম বোর্ডের এ বছরের জেএসসির ফলাফল সার্বিকভাবে বেশ ভালো হয়েছে। পাসের হার, জিপিএ-৫, শতভাগ পাস করা বিদ্যালয় ইত্যাদি সব ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে।’ জিপিএ-৫-এর সংখ্যা বাড়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি বছর থেকে জেএসসিতে অপশনাল বিষয় সংযোজন হওয়ায় শিক্ষার্থীরা ভালো ফলাফলের সুযোগ পেয়েছে।’
বোর্ড সূত্রে জানা যায়, জেএসসিতে চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৮৬ দশমিক ১৩। গতবার যা ছিল ৭৮ দশমিক ৩৬। এ বছর মহানগরে পাসের হার ৯১ দশমিক ৩৫। মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাসের হার ৮৩ দশমিক ৯৯ এবং মহানগরসহ চট্টগ্রাম জেলার পাসের হার ৮৬ দশমিক ২৬ শতাংশ।
বোর্ডে এবারে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১০৫ জন। গত বছর পেয়েছিল তিন হাজার ৫৩১ জন। বোর্ডের অধীনে এ বছর ১৯৪টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে এক লাখ ৩৮ হাজার ২৫ জন। এর মধ্যে পাস করেছে এক লাখ ১৮ হাজার ৮৮৭ জন। ফেল করেছে ১৯ হাজার ১৩৮ জন।
জিপিএ-৫ এগিয়ে মেয়েরা: এবারও জিপিএ-৫-এর হিসাবে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের মধ্যে সাত হাজার ৬৫৬ জন জিপিএ-৫ পেয়েছে। ছয় হাজার ৪৪৯ ছেলে জিপিএ-৫ পেয়েছে। তবে পাসের হারের দিক দিয়ে গতবারের মতো ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৩৪ এবং মেয়েদের ৮৫ দশমিক ১৬ শতাংশ।
বেড়েছে কক্সবাজারসহ তিন পার্বত্য জেলার পাসের হার: ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রামের বাইরে চার জেলায় গতবারের তুলনায় পাসের হার বেড়েছে এবারেও। এর মধ্যে কক্সবাজার জেলায় পাসের হার এ বছর ৮৮ দশমিক ১৮। গতবারে ছিল ৮০ দশমিক ৮০। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৭৮ দশমিক ৪৯ থেকে বেড়ে ৮৪ দশমিক শূন্য ১ শতাংশ হয়েছে। খাগড়াছড়ি জেলায় ৭০ দশমিক ৩৫ থেকে বেড়ে ৮৪ দশমিক ৮৫ এবং বান্দরবান জেলায় ৭১ দশমিক ৭৭ থেকে বেড়ে ৮১ দশমিক শূন্য ৫ হয়েছে।
সেরা বিশে টানা তিনবার প্রথম খাস্তগীর: চট্টগ্রাম বোর্ডে সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এবারও প্রথম হয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ২০১১ সাল থেকে টানা তিন বছর তারা একই অবস্থানে রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, ‘আমরা পর পর তিনবার বোর্ডের সেরা ২০ স্কুলের মধ্যে প্রথম হয়েছি। এ ফলাফলে আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা সবাই আনন্দিত।সারা বছরেই শিক্ষার্থীদের মানোন্নয়নের প্রচেষ্টায় নিয়োজিত থাকেন আমাদের শিক্ষকেরা; যা তাদের ফলাফল ভালো করার জন্য সহায়ক ভূমিকা রেখেছে ।’
খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৩২২ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২০ জন।